জামায়াত বিএনপির ঘাড়ে চেপে নির্বাচন বানচালের চেষ্টা করছে: জাকের পার্টি
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে দেশ চরম অস্থিতিশীল হয়ে পড়বে।
তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত এখন বিএনপির ঘাড়ে চেপে নির্বাচন বানচালের চেষ্টা করছে। জামায়াতের কুমন্ত্রণায় সরকার দেশ ও জাতির স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে।
শনিবার দলের বনানীর সচিবালয়ে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি ও জাতীয় স্থায়ী কমিটির পৃথক পৃথক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল কবির, মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, খাজা মহিউদ্দিন আহমেদ, আহাদুজ্জামান, অ্যাডভোকেট মমিনউদ্দিন সরদার প্রমুখ।
মোস্তফা আমীর ফয়সল বলেন, উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উত্থানের কারণে ১৪ কোটি মানুষ বিপন্ন। বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার পথে। এ অবস্থা থেকে উত্তরণে দেশ থেকে উগ্র মৌলবাদী রাজনীতি সমূলে উপড়ে ফেলতে হবে।
তিনি বলেন, একটি ধর্ম নিরপেক্ষ আদর্শই দেশকে আবারো মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে পারে।
