২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে শুধুমাত্র চুক্তি করে কার্যকর ফলাফল অর্জন করা সম্ভব নয়: হাসিনা

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকাকে বলেছেন, সরকার জঙ্গি নির্মূলে আন্তরিক না হলে শুধুমাত্র চুক্তি করে কার্যকর ফলাফল অর্জন করা সম্ভব হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন: আমরা মনে করি না শুধুমাত্র বাংলাভাইকে গ্রেফতার করলে সামগ্রিক সমস্যার সমাধান হবে, যদি না জঙ্গিবাদের মূলোৎপাটন করা হয়। শুধুমাত্র চুক্তি করে কার্যকর ফলাফল অর্জন সম্ভব হবে না যদি সরকার প্রকৃতই জঙ্গি দমনে সচেষ্ট না হয়।

সূত্র জানায়, মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে প্রায় দেড় ঘন্টাব্যাপী বৈঠকে সংসদে যোগদান করা এবং বিরোধী দল হিসেবে তাদের সঠিক দায়িত্ব পালনের পক্ষে মত প্রকাশ করে।

আওয়ামী লীগ সভানেত্রী সংসদে তার দল যে সমস্যার সমূখীন হন তার বিস্তারিত বিবরণ দেন। তবে সংসদীয় দলের আগামী বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সাবের হোসেন সাংবাদিকদের জানান, আগামী সংসদ নির্বাচন, সন্ত্রাস এবং জঙ্গি দমন, দূর্ণীতি, সুশাসন এবং মানবাধিকারসহ দেশের সামগ্রিক রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

তিনি বলেন, আমরা প্রস্তাবিত সংস্কার বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। “এ সংস্কার সাংবিধানিক। সংস্কার প্রস্তাব কার্যকর হলে তা বিদ্যমান বৈষম্য দূর করবে” বলে তিনি উল্লেখ করেন।

সরকার ও রোকার মধ্যকার বৈঠকের ফলাফল নিয়ে তারা আলোচনা করেছেন কিনা -- এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাবের বলেন, সরকার বলেছিলো দু’ মাসের মধ্যে জঙ্গি সমস্যার সমাধান হবে যা প্রমান করে জঙ্গিদের ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে।

তিনি বলেন, সরকারের সাফল্য হিসেবে চিহ্নিত করার জন্য আগামী নির্বাচনের আগে হয়ত বাংলা ভাইকে গ্রেফতার করা হবে।

তিনি প্রশ্ন তোলেন, “আমরা মনে করি সরকারি প্রশাসনের জঙ্গি দমনে আন্তরিক প্রচেষ্টার অভাব রয়েছে। সক্ষমতা অর্জনে বা তথ্য বিনিময়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) সহযোগিতা হতে পারে, কিন্তু সরকারের সঠিক প্রচেষ্টা ছাড়া এ সহযোগিতা কি ফলাফল বয়ে আনবে?”

সাবের বলেন, সরকার এর আগে বাংলা ভাইকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বলেছেন বাংলা ভাই সংবাদ মাধ্যমের সৃষ্টি।

“কিন্তু, আমরা বাংলা ভাইকে এবটি রোগ হিসেবে মনে করি এবং এ রোগ মুক্তির ব্যবস্থা চাই।”

বৈঠকে বিরোধী দলীয় নেত্রী কিবরিয়া হত্যাকান্ড, গ্রেনেড হামলা এবং বিপুল অস্ত্র উদ্ধারের কোন ফলাফল নেই বলে উল্লেখ করেন।

হাসিনা সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অপরাধীদের বিচারের কাঠগড়ায় তোলা সম্ভব হয়নি।

রোকার সঙ্গে বৈঠকের আলোচনার সূত্র ধরে সাবের বলেন, জঙ্গি বিষয়ে সরকারের অবস্থান স্বচ্ছ করা উচিত।

বৈঠকে রোকার সঙ্গে ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস এবং মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, এমপি, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ আবুল হোসেন, এমপি, এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিনও বৈঠকে যোগ দেন।