হাইকোর্টে আহলে হাদীস নেতা ড. গালিবের পৃথক ৩টি জামিন আবেদন খারিজ
আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসাদুল্লাহ আল গালিবের পৃথক তিনটি জামিন আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে।
আবেদনের শুনানি শেষে বিচারপতি শরিফুদ্দিন চাকলাদারের একক বেঞ্চ এ আদেশ দেন।
ড. গালিবের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন।
দেশের উত্তরাঞ্চলে পরিচালিত জঙ্গি কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়ার অভিযোগে পুলিশ ২০০৫ সালের ২৩ ফেব্র“য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজ বাসবভন থেকে আহলে হাদীস প্রধান ড. গালিবকে গ্রেপ্তার করে।
ড. গালিবের বিরুদ্ধে বগুড়ার লক্ষ্মীখোলা হাইস্কুল প্রাঙ্গণে এবং গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত যাত্রামঞ্চে বোমা হামলাসহ বিভিন্ন স্থানে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার শাহাজানপুর ও গাবতলী থানায় যথাক্রমে ২০০৫ সালের ১৫ ফেব্র“য়ারি ও ৬ ফেব্র“য়ারি এবং ২০০৪ সালের ২৬ ডিসেম্বর পলাশবড়ী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
অস্ত্র ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা দায়ের করা হয়। পুলিশ পাঁচটি মামলা থেকে তার নাম বাদ দিয়েছে।
বাকি তিনটি মামলায় জামিন চেয়ে ড. গালিব হাইকোর্টে পৃথক তিনটি আবেদন জানান।
আবেদনের পর ২০০৫ সালের ৩১ আগস্ট বিচারপতি এম এ কুদ্দুস ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিভক্ত রায় প্রদান করেন। বিচারপতি এম এ কুদ্দুস জামিন আবেদন মঞ্জুর করলেও বিচারপতি রেজাউল হক জামিন আবেদন নাকচ করে দেন।
পরে আবেদনটি নিষ্পত্তির জন্যে বিচারপতি শরিফুদ্দিন চাকলাদারের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। দেশের সার্বিক আইন ও শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আদালত আবেদনটি খারিজ করে দেন।
সরকার পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রাজ্জাক খান।
