২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক সমিতি ৩০ জানুয়ারি দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ করবে

বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যার প্রতিবাদে ৩০ জানুয়ারি দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক কমরেড মোর্শেদ আলী। সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি অ্যাড. এস এম আব্দস সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সমিতির সহসভাপতি সৈয়দ আহম্মেদ বিশ্বাস, সহসভাপতি নূরুর রহমান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

১৯৯৯ সাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার ভাড়া নামে অতিরিক্ত অর্থ আদায় করছে উল্লেখ করে মোর্শেদ আলী বলেন, ২০০৫ সালে রংপুর জেলার মিঠাপুকুর থানার পল্লী বিদ্যুৎ সমিতি আন্দোলনের মুখে মিটার ভাড়া আদায় বন্ধ রেখেছে।

সৈয়দ আহম্মেদ বিশ্বাস বলেন, পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সমিটার চুরির কারণে ৪৫০ বিঘা জমিতে সেচ বন্ধ এবং তাদের দাবীকৃত ৫২ হাজার টাকা দিতে জমির মালিকদের বাধ্য করছে।

সমিতির নেতৃবৃন্দ বলেন, এ বছরের ৪ জানুয়ারিতে শিবগঞ্জ এলাকাবাসী ও কৃষক সমিতি পল্লী বিদ্যুতের মিটার ভাড়া, নূন্যতম চার্জ বাধ্যতামূলক ১১০ টাকা ও অব্যাহত বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘেরাও করলে পুলিশের গুলিতে দু’জন মারা যায়। পরবর্তীতে ২৩ জানুয়ারি ৫ দফা দাবিতে এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস আবারও ঘেরাও করলে ৮ জন নিহত ও সহস্রাধিক আহত হয়।

এ ঘটনার জন্য সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করেন।

তিনি আরো বলেন, এ ব্যাপারে নবাবগঞ্জের এমপি হারুণ অর রশিদের সাহায্য চাওয়া হলে, তিনি বিদ্যুৎ সমিতির পক্ষেই অবস্থান নেন।

সমিতির পক্ষ থেকে নবাবগঞ্জের ডিসি এবং এসপি’র অবিলম্বে অপসারণসহ আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দাবী করা হয়।