২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়নের ২৫দিনেও ভিভিআইপিরা তালিকাভুক্ত হননি

ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হওয়ার ২৫ দিনেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতাসহ অনেক ভিভিআইপি তালিকাভুক্ত হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সূত্র জানায়, ভিভিআইপি ভোটারদের অসহযোগিতার কারণেই তথ্য সংগ্রহকারীরা তাদের তালিকাভুক্ত করতে পারছেন না।

রমনা থানার নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে চিঠি দিয়েছেন। কিন্তু সে চিঠির উত্তর এখনও আসেনি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ক্যানটনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন চিঠি দিয়েছেন। এবং উত্তরের অপেক্ষায় রয়েছেন।

বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে কাকলী স্কুলের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ (সহকারী রেজিস্ট্রেশন অফিসার) যোগাযোগ করেও তার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি।

তথ্য সংগ্রহকারীরা বলছেন, ভোটার তালিকা বিষয়ক রায়ের জটিলতার কারণেই ভিভিআইপিরা তথ্য সংগ্রহ ফরম পূরণ করছেন না।

নির্বাচন কমিশনের দুই কমিশনার মোহাম্মদ আলী এবং মুন্সেফ আলীও তথ্য সংগ্রহকারীকে তথ্য দিতে অস্বীকৃতি জানান। এদিকে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক বাড়িতেই এখনো কোনো তথ্য সংগ্রহকারী যায়নি।

ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার জানান, বুধবার পর্যন্ত ভিভিআইপিদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে তিনি আশা করছেন, ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে পারবেন।

ঢাকা জেলায় ২২ তারিখ পর্যন্ত ৫০ লাখ ৫৩ হাজার ৯৩৪ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। আর বিদ্যমান তালিকায় ভোটার ছিল ৪৮ লাখ ২৯ হাজার ২২২ জন। ঢাকা জেলায় বিদ্যমান ভোটার তালিকার চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ ভোটার বেড়েছে। সাভারে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ২৪৫ জন। এবার তথ্য পূরণ করেছে ৪ লাখ ৪৯ হাজার ২৪৫ জন। ভোটার বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ।

পল্লবীতে আগে ভোটার ছিল ১ লাখ ৯৭ হাজার ৫০২ জন। আর এবার হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭৫২ জন।

পল্লবীতে ভোটারের সংখ্যা কমেছে ১০ শতাংশ।

জানুয়ারির ১ তারিখ ভোটার তালিকার কাজ শুরু হয়। ৪ জানুয়ারি হাইকার্টের রায়ের কারণে এ তালিকা তৈরিতে জটিলতা দেখা দেয়।