২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি হাসপাতালে, ট্রয়কার সঙ্গে বৈঠক বাতিল

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবস্থান করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তার সঙ্গে বুধবার সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সফররত ট্রয়কা প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে এ বৈঠক বাতিল করা হয়।

তাকে মঙ্গলবার হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে ভর্তি করার পর তিনি রাতে বাসায় ফিরে যান। পরে বুধবার সকাল ৭টার দিকে আবার হাসপাতালে আসেন।

হাসপাতালের কেবিন ইউনিটে তার জন্যে কড়া নিরাপত্তা নেয়া হয়। রোগীর পরিবারের সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ অবস্থায় সমস্যায় পড়েছে অন্য রোগীদের দর্শনার্থীরা। প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে বাইরে যেতেও তারা ভয় পাচ্ছেন।

এদিকে সিইসিকে দেখতে নতুন দুই কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, সম জাকারিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া দুপুর ১টায় হাসপাতালে যান।

বিকাল ৫টায় আসেন সিইসি’র স্ত্রী--কন্যা এবং ব্যক্তিগত সহকারী।

সূত্র জানায়, সিইসি’র ভর্তির কাগজপত্রে চোখে ছানি, কিডনিতে পাথর, থাইরয়েড, ডায়াবেটিস, পায়ের সমস্যাসহ নয়টি রোগে ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ট্রয়কার সঙ্গে বৈঠক বাতিল করা প্রসঙ্গে বলেন, মুন্সেফ আলীসহ আমি উৎকন্ঠা নিয়ে ছুটে এসে শুনলাম বৈঠক বাতিল করা হয়েছে। এ বিষয়ে তো আমাদের আগেই জানানো উচিত ছিল।

এর আগে সিইসি ৮ থেকে ১৮ জানুয়ারি অফিস করেননি। তিন ওই সময় ইস্কাটন এসপিআরসি হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নেন।

১৯ জানুয়ারি কমিশনের বৈঠক করেন এবং ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন।