২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭-২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সম্মেলন

আগামী ২৭-২৮ ফেব্র“য়ারি প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

দলীয় সূত্র জানায়, এ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরকে অবিলম্বে সম্মেলন অনুষ্ঠানের জন্যে নির্দেশ দেন।

এ ব্যাপারে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে শেখ হাসিনার নির্দেশের কথা স্বীকার করেন। তবে তিনি সম্মেলনের তারিখের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে ছাত্রলীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্রটি আরো জানায়, যত দ্রুত সম্ভব ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ ২০০২ সালের ৩-৪ ফেব্র“য়ারি সম্মেলনের চার বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ছাত্রলীগের বর্তমান কমিটিই সবচেয়ে দীর্ঘ স্থায়ী কমিটি।

এর আগে ৪ জানুয়ারি ছাত্রলীগের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ঘোষনা দেন, সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সংগঠনিক রীতি ও প্রক্রিয়া অনুযায়ী মার্চের প্রথমদিকে গঠন করা হবে।

এদিকে সম্মেলন ও নতুন কমিটি গঠনের খবরে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংগঠনের অল্প কিছু নেতা-কর্মী সম্মেলনের বিরোধিতা করলেও অধিকাংশই সম্মেলন অনুষ্ঠানের খবরকে স্বাগত জানিয়েছে।

সম্মেলনের খবর শুনে ছাত্রলীগ নেতা-কর্মীরা কাংখিত পদ লাভের জন্যে সংগঠনের নেতাদের কাছে লবিং শুরু করে দিয়েছে।

মারুফা আক্তার পপি, রফিকুল ইসলাম কোতোয়াল, আশরাফুল আজিম রুবন এবং আনিসুর রহমান আনিস কেন্দ্রীয় কমিটির সভাপতি পদের জন্যে এবং সাইফুজ্জামান শিখর, খান মাইনুল ইসলাম মোস্তাক, কামরুল ইসলাম খোকন, সালাউদ্দিন মাহমুদ চৌধুরী ও দেলোয়ার হোসেন সাধারন সম্পাদক পদ লাভের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি পদে ইশতিয়াক হোসেন শিমুল, মোক্তারুল আলম মিল্টন, মাজহারুল ইসলাম মানিক, শাহাদত হোসেন সুজন, জসিম উদ্দিন ভূঁইয়া ও মিনহাজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে গাফফারী রাসেল, আশরাফুর রহমান, আবু সাইদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানায়।