২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ইইউ প্রতিনিধি দল

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজে বের করতে এবং দেশে চলমান সংঘাতের রাজনীতির অবসান ঘটাতে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধি দল বুধবার সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বুধবার তিনদিনের বাংলাদেশ সফর শেষে ইইউ’র ট্রয়কা প্রতিনিধি দল এক প্রেস স্টেটমেন্টে জানায়, একটি সফল ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্যে সকল রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। আর তাই নির্বাচনে যেন সকল রাজনৈতিক দল অংশ নিতে পারে তা নিশ্চিত করতে একটি উপায় খুঁজে বের করতে ইইউ সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছে। যার ফলে জনগণ তাদের গণতান্ত্রিক পছন্দ প্রয়োগ করতে পারে।

বাংলাদেশের গণতন্ত্রের জন্য ২০০৭ সালের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে ট্রয়কার বিবৃতিতে পার্লামেন্টকে কেন্দ্র করে মূলধারার প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক ও সংলাপের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

ট্রয়কা প্রতিনিধিদের বিবৃতিতে আরো বলা হয়, ২০০৭ সালের শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দীর্ঘস্থায়ী গণতন্ত্র চর্চা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা পৌঁছে দেবে।

ট্রয়কা প্রতিনিধি দল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ একটি বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের রাজনীতির দ্রুত পরিবর্তন প্রয়োজন।

ইইউ বিশ্বাস করে, নির্ধারিত সময়ে ও সকলের অংশগ্রহণে নির্বাচন বাংলাদেশের স্থিতিশীলতা ও সম্ভাবনার জন্যে গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের সাংবিধানিক কার্যালয়কে ইইউ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান গ্যারান্টি হিসেবে বিবেচনা করে। উভয় প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের বিষয়টি থাকায় এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সক্রিয় সংলাপ নিশ্চিত করতে এটি বাস্তবায়ন করা জরুরি।

বুধবারের সংবাদ সম্মেলন শেষে ট্রয়কা প্রতিনিধি দলের নেতা ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক নিকোলাস শের্ক সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি অবাধ ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। আর যে লোকটিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে তাকে নিরপেক্ষ হওয়া প্রয়োজন। আমরা আশা করছি দেশের কল্যাণের জন্যে সরকার ও বিরোধী দল উভয়ই ঐকমত্যে পৌঁছাতে পারবে।

চলমান সংঘাতের রাজনীতির অবসান ঘটাতে দুই বৃহৎ রাজনৈতিক দলের মধ্যস্থতাকারী হিসেবে ইইউ কাজ করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে ইইউ ট্রয়কা প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ‘না’ সূচক জবাব দেন।

সংবাদ বিবৃতিতে ট্রয়কা প্রতিনিধি দল সন্ত্রাসবাদ, উগ্রবাদ, শাসন ব্যবস্থা, মানবাধিকার, বাণিজ্য এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোকপাত করেছে এবং এ ব্যাপারে তাদের নীতি উল্লেখ করেছে।

ট্রয়কা প্রতিনিধি দল তিনদিনের সফরে সোমবার বাংলাদেশে আসে।

সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সম্পর্কে ট্রয়কা বলেছে, বাংলাদেশে সম্প্রতিকালের বোমা হামলার ঘটনা এটাই প্রকাশ করে যে, দেশটি হুমকির সম্মুখীন। এখন জাতীয় স্বার্থেই এসব হামলা প্রতিহত করতে হবে। রাজনৈতিক বিবাদের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছে ইইউ ট্রয়কা তার প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি অব্যাহত রাখা ও সতর্ক থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা ও তাদের অপরাধের জন্যে শাস্তি দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

শাসন ব্যবস্থা সম্পর্কে ট্রয়কা বলেছে, বাংলাদেশকে টিকে থাকতে হলে তার শাসন ব্যবস্থার মানোন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। এর ওপর ভিত্তি করে গত তিন দশকের উন্নয়নমূলক অর্জন প্রতিষ্ঠিত করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সরকারের শাসন পরিচালনার মানোন্নয়নের ওপর ইইউ গুরুত্বারোপ করেছে। ইইউ গভীরভাবে বাংলাদেশের দারিদ্র বিমোচন কৌশল পত্র (পিআরএসপি) অনুমোদন করে কিন্তু পিআরএসপি নির্ধারিত সময়ে বাস্তবায়ন ও তা অর্থপূর্ণভাবে নিশ্চিত করতে কঠোর নিষ্ঠা প্রয়োজন।

ইইউ প্রতিনিধি দল বলেছে, দুর্নীতিবিরোধী কমিশনকে পুরোপুরি নিরপেক্ষভাবে ও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে চলতে দেওয়া প্রয়োজন। কমিশনের দক্ষ কর্মী, প্রয়োজনীয় ক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ প্রয়োজন।

শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে ১৯৯৯ সালের প্রণীত দিকনির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করার ওপর ট্রয়কা প্রতিনিধি দল গুরুত্বারোপ করেছে।

মানবাধিকার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি বড় উদ্বেগের বিষয়।

বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ও তাদের বিরুদ্ধে বিভিন্ন সহিংস ঘটনা এবং এই সহিংস ঘটনার পরিমান নির্বাচন--পূর্ব সময়ে বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ইইউ উদ্বিগ্ন। আর তাই প্যারিস প্রিন্সিপালসসহ জাতিসংঘ আদর্শের আওতায় ২০০৬ সালে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করতে ইইউ সরকারকে উৎসাহিত করছে।

পার্বত্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইইউ ট্রয়কা প্রতিনিধি দল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে ইইউ গত কয়েক দশকে বাংলাদেশের অর্জিত স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উল্লেখযোগ্য সামাজিক অর্জনের প্রশংসা করেছে।

বাংলাদেশ তার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার ইইউ’র সাথে গভীর বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে আসছে। এ সম্পর্কেও উন্নয়ন ঘটাতে ইইউ আগ্রহী। ভোক্তাদের নিরাপত্তা ও নৈতিক মানের বিষয় ও ইইউ বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশী কর্তৃপক্ষের  বিবেচনার ওপর দুই পক্ষের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি নির্ভর করে বলে তারা মন্তব্য করে।

ট্রয়কা প্রতিনিধি দল বিবৃতিতে আরো বলেছে, এটি বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যতদূর সম্ভব সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এক সাথে দাঁড়াবে।

এর আগে ইইউ ট্রয়কা প্রতিনিধি দল মঙ্গলবার এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান ও পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সাথে বুধবার সাক্ষাৎ করেন। এর আগে তারা সোমবার সন্ধ্যায়  সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

ট্রয়কা প্রতিনিধি দল বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

বিবৃতিতে ট্রয়কা বলেছে, প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাদের সময় দিতে পারেননি।

যদিও ট্রয়কা প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের সাক্ষাৎটি আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু সিইসি অসুস্থ হওয়ায় তিনি তার নির্ধারিত বৈঠক বাতিল করেন।

ইইউ’র বর্তমান, সর্বশেষ ও পরবর্তী সভাপতি দেশের প্রতিনিধি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও হাই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিদের নিয়ে গড়া ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কার এটাই প্রথম বাংলাদেশ সফর। উচ্চ পর্যায়ের এ দলটির ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রয়েছে।

প্রতিনিধি দলটির সঙ্গে আরও যারা রয়েছেন তারা হলেন, ইউরোপীয় কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস মোরান, ইইউ’র পরবর্তী ফিনল্যান্ডের প্রেসিডেন্সি’র প্রতিনিধি ও এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং হাই রিপ্রেজেন্টেটিভ ফর কমন ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসি’র প্রতিনিধি মাইকেল সোয়ান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।