২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকোচ দিয়েও কমিটিতে কাঙ্খিত পদ না পাওয়ার অভিযোগ: রংপুরে বিএনপি অফিস ভাংচুর

রংপুরে শহর বিএনপির কমিটিতে সম্পাদকীয় পদ দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে মোটা অংকের অর্থ নেওয়ার অভিযোগে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী মঙ্গলবার রাতে জেলা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে। এ ঘটনা নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

শহর বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আলম বুলবুল উৎকোচ গ্রহণ ও ভাংচুরের ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, উৎকোচ নিয়ে কাউকে কোনো পদ দেওয়া হয়নি। সকলকে তাদের যোগ্যতম পদে মূল্যায়ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে সম্মেলন করে রংপুর শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। তিন মাস পর মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ শহর কমিটির নাম ঘোষনা করা হয়।

এতে কাঙ্খিত পদ না পেয়ে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী কমিটি গঠনে জেলা নেতাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ গ্রহন করার অভিযোগ তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে তারা জেলা বিএনপি অফিসের চেয়ার টেবিল ভাংচুর ও তছনছ করে।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, আংশিক কমিটি ঘোষণার পর পূর্নাঙ্গ কমিটিতে সম্পাদকীয় পদে রাখার প্রতিশ্র“তি দিয়ে কিছু প্রভাবশালী নেতা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে থেকে কয়েক লাখ টাকা উৎকোচ গ্রহন করেন। ওইসব নেতাকর্মীর কাউকেই কোনো সম্পাদকীয় পদ না দিয়ে সদস্য পদ দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক পদাধিকার বলে শহর কমিটির সদস্য থাকার কথা। অথচ তাদের কাউকেই সদস্যপদে রাখা হয়নি। ওইসব পদে অর্থের বিনিময়ে পছন্দের লোকদের স্থান দেওয়া হয়েছে।

৮ নং ওয়ার্ড সভাপতি আহমেদ কাশেম ও ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শরিফ লাভলু লেবু বিডিনিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির করছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমাদের পদাধিকার পর্যন্ত দেওয়া হয়নি। অথচ উড়ে এসে জুড়ে বসাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। যা বিএনপির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

জেলা যুবদলের সিনিয়র সহ - সভাপতি নাজমুল আলম নাজু জানান, ১৭ বছর ছাত্রদলের বিভিন্ন পদে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। অথচ শহর কমিটিতে আমাকে মূল্যায়ন করা হয়নি।