১৪ দলের ৫ ফেব্রুয়ারির লংমার্চ উপলক্ষে দেশজুড়ে জনসংযোগ শুরু
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে ৫ ফেব্র“য়ারির লংমার্চ কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার থেকে সারা দেশে জনসংযোগ শুরু করেছেন। ‘চলো চলো - ঢাকা চলো’ স্লোগানে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, সারা দেশকে আটটি অঞ্চলে ভাগ করে আটটি কেন্দ্রীয় টিম বিভাগওয়ারি প্রতিনিধি সভার মাধ্যমে তাদের তিন দিন ব্যাপী গণসংযোগ কার্যক্রম শুরু করেছে।
প্রথম দিন বুধবার স্বাগতিক জেলা ময়মনসিংহে নেত্রকোণা, শেরপুর, জামালপুরের জনসংযোগে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি। এছাড়া স্বাগতিক জেলা মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের প্রতিনিধি সভা।
সূত্র জানায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৪ দলের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষকে চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ৫ ফেব্রুয়ারির লংমার্চ সফল করে সংগ্রাম জোরদার করার আহ্বান জানাচ্ছেন। এ ব্যাপারে ১৪ দলের মাঠপর্যায়ের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তারা।
বৃহস্পতিবার স্বাগতিক জেলা বগুড়া, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এবং যশোরে সংশ্লিষ্ট বিভাগ ও অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। শেষ দিন শুক্রবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ ও ঢাকার প্রতিনিধি সভা।
