২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদের রক্তের সাথে বেঈমানী করে বাকশাল করা হয়: গণতন্ত্র হত্যা দিবসের আলোচনায় বক্তারা

স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৭১-এ ৩০ লাখ শহীদ তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। কিন্তু স্বাধীনতার পর শহীদের রক্তের সাথে বেঈমানী করে বাকশাল কায়েম করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদূরদর্শী রাজনীতির কারণে মাত্র সাড়ে তিন বছরে তার গগণচুম্বি জনপ্রিয়তার শুন্যের কোটায় নেমে আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা দিবসকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম. কামারুজ্জামান, বিএনপি সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির (এরশাদ) কাজী ফিরোজ রশীদ, বিজেপি’র গোলাম সারোয়ার মিলন, অ্যাডভোকেট এমএ মোবিন, সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে রক্ষীবাহিনী সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ মুজিব আতংকের সৃষ্টি করে। তারা প্রতিবাদী রাজনীতিকদের হত্যা করে দেশের মানুষের শান্তি বিনষ্ট করেছিলো। মাত্র ১৩ মিনিটের আলোচনায় তারা দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে।

তারা বলেন, র‌্যাবের সাথে অনেকেই রক্ষীবাহিনীর তুলনা করে। কিন্তু র‌্যাবের প্রতি মানুষের রয়েছে অগাধ বিশ্বাস। র‌্যাবের ‘ক্রসফায়ারের’ যুক্তি রয়েছে। কিন্তু রক্ষীবাহিনীর হত্যাকাণ্ডের কোনো যুক্তি ছিল না।

বক্তারা বলেন, জিয়াউর রহমান শেখ মুজিবকে হত্যা করেননি। তাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতারাই। জিয়াউর রহমান ঐতিহাসিক প্রয়োজনে ক্ষমতায় এসেছিলেন। তিনি কাউকে হত্যা বা ক্যু করে ক্ষমতায় আসেননি।

অনুষ্ঠানে বক্তারা বাকশাল প্রতিষ্ঠা দিবসে কোনো সংবাদ প্রকাশ না করায় সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেন।