কনস্যুলার সুবিধার জন্যে অপেক্ষা করছে বাংলাদেশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক বাংলাদেশীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও সন্দেহের মাঝে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এখন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চিহ্নিত করতে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে।
কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (তথ্য) সালেহ শিবলী বিডিনিউজকে জানান, আমরা কনস্যুলারের প্রবেশাধিকার চেয়েছি। তবে আমরা এখনও প্রবেশাধিকার পাইনি।
তিনি বলেন, ভারতীয় মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওবায়দুর রহমান হিসেবে বলা হয়েছে, শায়খ আবদুর রহমান হিসেবে নয়।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সালেহ শিবলী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ২৪ বছরের মত।
বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের খবর পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) রাজ কানোজিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স মঙ্গলবার খবর প্রকাশ করার পর থেকেই সন্দেহ ঘনীভূত হতে থাকে।
কিন্তু পরবর্তীতে ভারত ও বাংলাদেশের অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আইজি কানোজিয়াকে উদ্ধৃতি দিয়ে প্রচার করে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি শায়খ আবদুর রহমান নয়, সে ওবায়দুর রহমান।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওবায়দুর রহমান।
শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ ও র্যাব বাহিনীর প্রতি নির্দেশ দেন।
পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, শায়খ রহমানের গ্রেপ্তারের খবর সংক্রান্ত গণমাধ্যমের রিপোর্ট শুনে তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন।
কিন্তু নয়া দিল্লিস্থ বাংলাদেশ মিশন থেকে প্রকৃত তথ্য আসার পর সকল জল্পনা--কল্পনা দূরীভূত হয়েছে।
