স্বাধীন নির্বাচন কমিশন গঠনে আবারো ট্রয়কা’র আহ্বান: সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে হাসিনার অভিমত
ইউরোপীয় ইউনিয়নের সফররত উচ্চ পর্যায়ের ট্রয়কা প্রতিনিধিদল সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বহুল আলোচিত সন্ত্রাস নিয়ে আলোচনা করেন।
তারা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মৌলবাদ ও সন্ত্রাস নির্মূলে শ্রেফ ঐক্যবদ্ধ সমাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
নির্বাচন পর্যবেক্ষণে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে একটি প্রতিনিধি দল আসতে পারে। তবে আমরা এ সম্পর্কে সিদ্ধান্ত নেবো নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকগুলোর পর।
আলোচনা শেষে প্রেস ব্রিফিং এ আওয়ামী লীগ প্রধানের মুখপাত্র সাবের হোসেন চৌধুরি বলেন, আওয়ামী লীগ প্রতিনিধি দলের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের আশঙ্কার কথা ব্যক্ত করেছে।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ট্রয়কা প্রতিনিধি দলের কাছে সংসদে বিরোধী দলের সঙ্গে সংলাপ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সাবের হোসেন চৌধুরি বলেন, তারা অসামঞ্জস্যপূর্ণ কথা বলছেন।
তিনি বলেন, সরকারের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর ভাষ্যে গরমিল রয়েছে। তিনি (মান্নান ভূঁইয়া) সংলাপের কথা বললেও তাদের নেতা (খালেদা জিয়া) বলছেন, প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, গণমাধ্যমকে তিনি যা বলছেন, আওয়ামী লীগের কাছে তা গুরুত্বপূর্ণ নয়; সরাসরি আওয়ামী লীগকে তারা যা বলছেন, তা -- ই বিবেচ্য।
সাবের হোসেন চৌধুরি আরো বলেন, আমরা প্রতিনিধিদলকে বলেছি, পরিস্থিতি আমাদের পক্ষে। তাই আমরা নির্বাচনের বিরোধিতা করছি না। কিন্তু যদি প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা নির্বাচনে অংশ নেবো না।
এর আগে সোমবার সন্ধ্যায় ইইউ ট্রয়কা সুশীল সমাজের সাথে সাক্ষাত করে। শুক্রবার দলটি স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দীনের সাথে সাক্ষাত করে।
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কার এটাই প্রথম বাংলাদেশ সফর। উচ্চ পর্যায়ের এ দলটির ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রয়েছে।
প্রতিনিধি দলে আরো রয়েছেন - ইউরোপীয় কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস্ মোরান, ইইউ’র আসন্ন ফিনিশ প্রেসিডেন্সি’র প্রতিনিধি ও এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি মাইকেল সোয়ান।
বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি, সাবেক রাষ্ট্রদূত ফারুক চৌধুরী, মোহাম্মাদ আলী প্রমুখ।
