কেয়ারটেকার সরকার ব্যবস্থা মোটেও গনতান্ত্রিক নয়: ব্যারিষ্টার মওদুদ
আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন, আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মোটেও গণতান্ত্রিক কোন প্রক্রিয়া নয়, বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশে এই ব্যবস্থার প্রয়োগ নেই।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সিটি প্রেস লি: (ইউপিএল) আয়োজিত মন্ত্রী’র নিজের লেখা বই “সংসদে যা বলেছি” এর প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই ব্যবস্থা পরিবর্তনের কোন উদ্যোগ নেয়নি যার ফলে বর্তমানে সংস্কার প্রস্তাবে তাদের দাবীর প্রতি জনগণের সর্মথন আদায়ে তারা ব্যর্থ হবে। তবে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি প্রয়োগ বন্ধের ব্যাপারে বিরোধী দলের সাথে সরকারের আলোচনা হতে পারে।
প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, জাতীয় পার্টি (জেপি)-র সভাপতি আনোয়ার হেসেন মঞ্জু এমপি, কর্ণেল (অব) সাখাওয়াত আলী এমপি , জি এম কাদের এমপি প্রমুখ।
সুরঞ্জিত সেন গুপ্ত আইনমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ব্যারিস্টার মওদুদ তার মেধা এবং বুদ্ধিকে জনগণের বিপক্ষে না খাটালেই দেশ এবং জাতির উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, মওদুদ বেশ কয়েকবার সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে কখনই তার মেধাকে দেশ এবং জাতির উন্নয়নে ব্যয় করেননি।
তিনি সরকারের সমস্ত দফতর থেকে দলীয় লোক বাদ দেয়াসহ কেয়ারটেকার সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সংস্কারে বিরোধী দলের প্রস্তাবে সরকারকে অতিসত্তর আলোচনায় বসার আহবান জানান।
