ইসলামের নামে মানুষ হত্যাকারীদের প্রতিহত করতে আরো সংগঠিত হতে হবে: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যে একটি মহল শান্তির ধর্ম ইসলামের নামে মানুষ হত্যার উদ্দেশে নতুন করে বোমা-সন্ত্রাস শুরু করেছে। এ অপশক্তিকে প্রতিহত করতে আনসার বাহিনীকে আরো সংগঠিত হতে হবে।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি আনসার ভিডিপি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
তিনি আনসারদের উদ্দেশে বলেন, আপনারা প্রত্যন্ত অঞ্চলে চোখ--কান খোলা রেখে ওই অপশক্তির গতিবিধি পর্যবেক্ষণ করবেন। এদের সম্পর্কে সরকারকে নিয়মিত অবহিত করবেন, যাতে সমাজ থেকে ইসলামের অপব্যাখ্যাকারী এ সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করা যায়।
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। উন্নয়নের গতি যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনাসহ সর্বক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে আত্ম-নিবেদিতভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি একাডেমীকে একটি পূর্ণাঙ্গ একাডেমীতে রূপান্তরের সব ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রশিক্ষণ ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। আনসারদের মৌলিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। ভিডিপির সকল সদস্যকে অতিদ্রুত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গ্রামভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, নারী উন্নয়নে সহায়তা দানের লক্ষ্যে প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্যদের বিদেশে পাঠানোর কার্যক্রম গৃহীত হয়েছে। এরইমধ্যে ৪২০ জন সদস্য সৌদি আরবে গিয়ে কাজ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই প্রথমবারের মতো একজন কর্মকর্তাসহ ২০ জন আনসারকে আইভরিকোস্টে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের অন্যান্য পেশাগত, প্রশাসনিক ও লজিস্টিক সমস্যা সমাধানেও আমরা পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এসব বিষয়ে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। তবে সম্পদের সীমাবদ্ধতার কথা আপনারা মনে রাখবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনরেল এম. আকবর আকতারসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক মিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাষণ শেষে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ ভবনের ফলক উন্মোচন করেন। তিনি সাহসিকতার জন্যে ফেনীর আনসার সদস্য আবুল খায়েরকে রাষ্ট্রপতি আনসার পদক প্রদান করেন। পরে তিনি কুটির শিল্প পরিদর্শন এবং আনসার সদস্যদের অংশগ্রহণে গীতি-আলেখ্য উপভোগ করেন।
