২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ, গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সোমবারের পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও বিক্ষোভে উত্তাল ছিল পুরো জেলা। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এদিকে হতাহতের ঘটনার প্রতিবাদে ১৪ দল চাঁপাইনবাবগঞ্জে বুধবার হরতাল আহ্বান করেছে।

পুলিশ ও জনতার সংঘর্ষে সর্বশেষ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর বাবুর (১৫) মৃত্যু হয় ।

গুলিবিদ্ধ অপর কিশোর রবিউলের (১৪) অবস্থাও আশংকাজনক। এ নিয়ে নিহতের সংখ্যা আটজনে দাঁড়াল। এছাড়া আহত দুইশ’ জনের মধ্যে ১৫ জন এখনও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে আহতরা সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজশাহী মেডিক্যালে আসার পর গত রাতে আহত ব্যক্তিদের অপারেশন থিয়েটারে নেয়া হয়নি। সকাল ৮টায় পর্যায়ক্রমে তাদের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর আগেই বাবুর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। আহতদের পরিবার পরিজনের উৎকণ্ঠার মধ্যেও রাতে চিকিৎসকদের উপস্থিতি তেমন ছিল না।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার কানসাটে অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবারও হাজার হাজার জনতা সোনামসজিদ সড়কে ব্যারিকেড দিয়ে রাখে।

কানসাট এলাকায় পুলিশ জনতা সংঘর্ষে পুলিশের গুলিতে সোমবার সাত জন নিহত ও অন্তত ২০০ লোক আহত হয়। এর আগে গত ৪ জানুয়ারি অনুরূপ সংঘর্ষে দুজন নিহত হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।

বিদ্যুৎ সরবরাহের ন্যায়সঙ্গত দাবিতে কানসাটে আন্দোলনরত নিরীহ লোকজনকে গুলি করে হত্যার নিন্দা জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার সাধারণ মানুষকে মারার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করছে। তিনি কানসাট হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি মঙ্গলবার ময়মনসিংহ জেলা থেকে বিকল্পধারায় যোগদানকারীদের উদ্দেশ্যে পার্টির সেগুনবাগিচা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় একথা বলেন। 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ মঙ্গলবার এক বিবৃতিতে হতাহতের এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এ ব্যাপারে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন এবং জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। তারা এ ঘটনার প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল আহুত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় হরতালের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।

কানসাটের হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবাবর বিকেলে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ মুক্তাঙ্গনে কালো পতাকা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। তারা এ হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানায়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে পুলিশি হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।