২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ শামসুল ইসলামের মৃত্যুতে সংসদের অধিবেশন ২৫ মিনিট মুলতবি

বিএনপি দলীয় সাংসদ শামসুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদের অধিবেশন সোমবার ২৫ মিনিটের জন্য মুলতবি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তার মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী সংসদ মূলতবি ঘোষণা করেন।

এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্থানীয় সরকার মন্ত্রী  আব্দুল মান্নান ভূঁইয়া, চিফ হুইফ খন্দকার দেলোয়ার হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আব্দুস সোবহান, ও টিআইএম ফজলে রাব্বী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শামসুল ইসলাম খান সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধু শিল্পপতিই নন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও অব্যাহত রাখতে কাজ করে গেছেন।

তিনি বলেন, তিনি শুধু আমাদের দলের নন, সকল দলের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। সকল দলের সাথেই তার সুসম্পর্ক ছিল। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আমরা একজন সফল রাজনীতিবিদকে হারিয়েছি।