‘অসুস্থ’ সিইসির এন্টিবায়োটিক হিসেবে কাজ করছে সরকার: ড. কামাল
দেশের প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সরকার ‘অসুস্থ’ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের এন্টিবায়োটিক হিসেবে কাজ করছে।
তিনি রোববার বিডিনিউজকে বলেন, ভোটার তালিকা তৈরির ব্যাপারে অনেক আগেই হাইকোর্টের আদেশ সত্ত্বেও সিইসি নির্বাচন কমিশনের কোনও সভা আহ্বান করেননি, বরং বেশ কিছুদিন অসুস্থ থেকেছেন। কিন্তু নতুন করে নির্বাচন কমিশনার হিসেবে দু’জন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় হঠাৎ করেই তিনি সুস্থ হয়ে ওঠেন।
ড. কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনে অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যে সিইসি নিজের দায়ী। এজন্যে অনতিবিলম্বে পদত্যাগ করে তার উচিত পুনরায় আপিল বিভাগে ফিরে যাওয়া।
তিনি বলেন, সিইসি এবং নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনার সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছেন। তারা হাইকোর্টের আদেশ অমান্য করে সরকারের ইচ্ছা বাস্তবায়ন করার জন্যে নতুন ভোটার তালিকা তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এমনকি সিইসি বিচারপতি এমএ আজিজের নিয়োগই বিতর্কিত। কেননা বিরোধী দলের সাথে কোনও রকম আলোচনা ছাড়াই রাজনৈতিকভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিচারপতি এমএ আজিজ নতুন ভোটার তালিকার জন্যে তথ্য সংগ্রহকারী হিসেবে এক লাখের বেশি বিএনপি-জামাত নেতা-কমীকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনকে বিতর্কিত করে তুলেছেন বলে মন্তব্য করেন ড. কামাল।
ড. কামাল জানান যে, ভোটার তালিকা তৈরির ওপর হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সিইসি এমএ আজিজ ও নতুন দুই নির্বাচন কমিশনারের আপিল করার যে সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে তিনি আদালতের কাছে মন্তব্য পেশ করবেন।
