বাংলাদেশে মার্কিন বাহিনীর অনুপ্রবেশের ষড়যন্ত্র রুখতে সিপিবি’র আহ্বান
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রোববার তথাকথিত সন্ত্রাস দমনের নামে বাংলাদেশে মার্কিন বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম রোববার এক বিবৃতিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকার আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করেন।
তারা বিবৃতিতে জোট সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, বর্তমান সরকার আমেরিকানদের তাবেদারে পরিণত হয়েছে।
সিপিবি নেতারা বলেন, মার্কিনীরা মৌলবাদীদের নিয়ন্ত্রণের ব্যাপারে আন্তরিক হলে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কারের ব্যাপারে সরকারকে আহ্বান জানাত।
