বর্তমান ইসির অধীনে সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: আবারও ১৪ দলের ঘোষণা
আওয়ামী লীগসহ ১৪ দল আবারও ঘোষণা দিয়ে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যতীত এবং বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
রোববার বিকেলে হরতালের শেষ পর্যায়ে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, দেশের মানুষ কোন আষ্ফালন বরদাশত করবে না। তালবাহানা, সময় অপচয় ও অত্যাচার নির্যাতন না করে, সময় থাকতেই গণদাবির কাছে নতি স্বীকার করুন।
প্রেস ব্রিফিংয়ে ১৪ দলের পক্ষ থেকে রোববারের হরতালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের হামলা এবং গ্রেপ্তার অত্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, গণআজাদী লীগ সভাপতি আলহাজ আব্দুস সামাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্যসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সিপিবি সভাপতি মঞ্জুরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে ১৪ দলের ডাকা হরতাল কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
