জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে : এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, যদিও আগামী নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সন্দেহ থাকলেও তার দল এককভাবে নির্বাচনে অংশ নেবে।
নওগাঁর ধামুইরহাট উপজেলার এমএম কলেজ খেলার মাঠে শনিবার এক জনসভায় এরশাদ বলেন, জাতির জন্যে এটি একটি কঠিন বছর। দেশের বিবাদমান বৃহৎ দু’টি রাজনৈতিক দলকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলেই আগামী নির্বাচনে এককভাবে অংশ নেয়ার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের পরবর্তী পাঁচ বছরের ভাগ্য নির্ধারিত হবে। অবশ্য নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি হবে না তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তিনি বলেন, দেশের বৃহৎ দু’টি রাজনৈতিক দল বিবাদে জড়িয়ে রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক রয়েছে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে প্রতিনিয়ত জটিলতা বাড়ছে। তারপরও জাতীয় পার্টি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে বলে আমরা নির্বাচনে অংশ নেব।
সাবেক রাষ্ট্রপতি বলেন, জঙ্গিদের হামলা নিয়ে জনগণ সীমাহীন শঙ্কার মধ্যে থাকলেও স্বাধীনতার পর দেশের সবচেয়ে খারাপ সময় কেটে গেছে।
অ্যাডভোকেট তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জাপা’র সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ শওকত হোসেন নীলু, যুব সংহতি নেতা আমিনুল ইসলাম ঝন্টু এবং মুস্তাকুর রহমান বক্তব্য রাখেন।
