দেশের অমিত সম্ভাবনা অসুস্থ রাজনীতির হাতে বন্দি নয়: ড. কামাল
প্রখ্যাত আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতা পরবর্তীকালে অসুস্থ রাজনীতি সত্ত্বেও ৩৪ বছরে দেশের অমিত সম্ভাবনা বন্দি হয়ে যায়নি।
ড. কামাল বলেন, আমাদের বেশ কিছু বিশেষজ্ঞ, মেধাবী ও অভিজ্ঞ লোক রয়েছে এবং আমাদের দেশের অসীম সম্পদ ও সম্ভাবনা রয়েছে। কিন্তু সেগুলো ঠিক মত ব্যবহার করা হচ্ছে না। অসুস্থ রাজনীতির কারণে এশিয়ান হাইওয়ের মত বৃহৎ প্রকল্পের সাথে সংযুক্ত হওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার অনলাইনভিত্তিক মানবাধিকার সংগঠন স্কলার বাংলাদেশ ডট কম আয়োজিত ‘এশিয়ান হাইওয়ে: বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ড. কামাল এ মন্তব্য করেন।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল বলেন, দেশের উন্নয়নের জন্য সমন্বিত কৌশল নির্ধারণ করতে দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের শাসন ক্ষমতার মেয়াদকাল চলতি বছরের ৯ অক্টোবর শেষ হয়ে যাবে বলে এশিয়ান হাইওয়ের মত বড় প্রকল্পের সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করার দাবি আমি এ সরকারের কাছে জানাবো না। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে সমন্বিত কৌশল প্রণয়ন করতে আমাদের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর নির্ভর করতে হবে।
দেশের স্বার্থের দিকটা বিবেচনা করে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যে ড. কামাল দেশের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান।
পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আনোয়ার করিম ও স্কলার বাংলাদেশ ডট কম-- এর সভাপতি ম ই চৌধুরী শামীম সেমিনারে বক্তব্য রাখেন।
