নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল করবে
দুই নির্বাচন কমিশনারের মতভিন্নতা সত্ত্বেও ভোটার তালিকা বিষয়ক রায়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আপিলের সিদ্ধান্তের বিরোধিতা করে পুরোনো দুই কমিশনার একে মোহাম্মদ আলী ও এম মুন্সেফ আলী বলেছেন, নির্বাচন কমিশন আপিল করার সিদ্ধান্ত নেয়নি। ব্যক্তিগতভাবে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও নবনিযুক্ত কমিশনার সম জাকারিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন। তাতে অপর কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান সমর্থন করেছেন।
কমিশনার মোহাম্মদ আলী বলেন, এ বৈঠক হয়েছে এজেন্ডা পরিপন্থি। আদালতের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা নিয়ে আলোচনা করার কথা থাকলেও বৈঠকে এ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। সিইসি বলেছেন, অন্যদিন এ প্রসঙ্গে আলোচনা হবে।
তবে মোহাম্মদ আলী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সভার প্রধান আলোচ্য বিষয় হওয়ার কথা ভোটার তালিকা প্রণয়নে করণীয় সম্পর্কে। এর সঙ্গে আরো দু’একটি ইস্যুও থাকতে পারে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ভোটার তালিকার কার্যক্রমের কী হবে- জানতে চাইলে সম জাকারিয়া সভায় বলেন, ভোটার তালিকার কার্যক্রম তো থেমেই আছে।
কার্যক্রম স্থগিতের আদেশ দিচ্ছেন না কেন-- এমন প্রশ্নে তিনি বলেন ভোটার তালিকার কাজ তো এখন চলছে না।
কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে মুন্সেফ আলী সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নতুন দুই কমিশনার আপিলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দুই কমিশনার আপিল করার পক্ষে মত দিইনি। আমরা অবশ্য তাদের সিদ্ধান্তে একমতও নই।
নির্বাচন কমিশনারদের মধ্যে তীব্র মতবিরোধিতার মধ্য দিয়েই ১৬৫ দিন পর বৃহস্পতিবার বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাঠ করেন বর্তমানে দায়িত্বরত সচিব মোহাম্মদ জকরিয়া।
জকরিয়া সাংবাদিকদের বলেন, কমিশনের পাঁচ সদস্যের মধ্যে সিইসি, কমিশনার সম জাকারিয়া ও বিচারপতি মাহফুজুর রহমান আদালতের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করার সিদ্ধান্তে মত দিয়েছেন।
তিনি আরো জানান, অপর দুই কমিশনার এ আপিলের পক্ষে না থাকলেও এ ব্যাপারে তাদের কোনো আপত্তিও নেই।
গত বছরের ৬ আগস্টের পর এই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভা বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এতে সভাপতিত্ব করেন।
অসুস্থতার কারণে ৮ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে অনুপস্থিত ছিলেন।
দীর্ঘ ১১ দিন পর তিনি সকাল ৯টায় কাল হ্যাট, স্যুট পরে লাঠিতে ভর করে অফিসে উপস্থিত হন।
হাইকোর্ট ৪ জানুয়ারি এক রায়ে ২০০০ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে নতুন তালিকা প্রণয়নের জন্যে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন।
নির্বাচন কমিশনের দুই কমিশনার এমএম মুন্সেফ আলী এবং একে মোহাম্মদ আলী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বিমত করে হাইকোর্টের রায় মেনে ভোটার তালিকা হালনাগাদ করার পক্ষপাতি। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তাদের মতবিরোধ চলে আসছে।
পর্যবেক্ষক মহলের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার সংখ্যা গরিষ্ঠতা নিয়েই যাতে সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন দু’জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।
