২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারো দাবির মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করবো না, নির্ধারিত সময়ে ক্ষমতা হস্তান্তর: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, কয়েক মাস পরে নির্ধারিত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। কারো দাবির মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করবো না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

৫৮ আসন পাওয়া একটি দলের দাবির মুখে ২১৬ আসন পাওয়া কোনো দলের পদত্যাগের প্রশ্নই ওঠেনা।

বুধবার ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবদলের বিভিন্ন মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ বর্ধিত সভায় যোগ দেন।

সংগঠনের সভাপতি বরকতউল্লাহ বুলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, এবং যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সংস্কার চায়। কিন্তু কোনো আলোচনায় আসতে চায় না। বিএনপির সাথে আলোচনা না করে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। তারা সংস্কারের নামে আগামী নির্বাচন বানচাল করতে চায়। কারণ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। আন্দোলনের হুমকি - ধামকি দিয়ে কোনো লাভ নেই।

বিএনপি মহাসচিব আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল প্রচার করছে বিএনপির সময় কোনো কাজ হয়নি। এর পাল্টা প্রচারণা চালাতে হবে। বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। জনগণের ওপর আস্থা রাখতে হবে। বিগত দিনের কর্মকাণ্ডের হিসাব জনগণকে দিতে হবে।