আগরতলা-আখাউড়া রেলপথ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ত্রিপুরার ৪ সাংসদ
বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং পণ্য ও যাত্রী পরিবহন সহজ করতে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ত্রিপুরার চার সাংসদ।
আগরতলা-সাব্র“ম রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে ত্রিপুরাকে দক্ষিণপূর্ব এশিয়ার সিংহদুয়ারে পরিণত করার দাবি জানিয়ে তারা কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে চিঠি পাঠিয়েছেন।
সিপিআইএম’র সাংসদ বাসুদেব আচারিয়া, খগেন দাস, বাজুবন রিয়াং ও মতিলাল সরকার প্রেরিত চিঠিতে আগামী বাজেটেই এ ব্যাপারে অর্থবরাদ্দের জন্যে রেলমন্ত্রীর কাছে দাবি জানান।
সাংসদরা ওই চিঠিতে বলেছেন, সাব্র“ম পর্যন্ত রেলপথ নির্মাণের ফলে বাংলাদেশের বর্তমান রেলপথ ব্যবহার করে ৭৫ কিঃমিঃ দুরে চট্টগ্রামের সাথে যোগাযোগ সহজতর হবে এবং ত্রিপুরা রাজ্য সমুদ্র বন্দরের সুবিধা পাবে।
চিঠিতে আগরতলার সাথে বাংলাদেশের পূর্বাঞ্চলের বৃহৎ রেল জংশন আখাউড়ার সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, আগরতলা থেকে আখাউড়ার দূরত্ব হবে ১৩ কিমি। এর মধ্যে পাঁচ দশমিক চার কিঃমিঃ ভারতের মধ্যে বাকিটুকু বাংলাদেশে। এর মধ্যে রেল সংযোগ গড়ে উঠলে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত সরাসরি পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হবে।
১৯৯৯ সালে রেল বোর্ড এ ব্যাপারে অনুমোদন দেয়। ভারতীয় অংশের জরিপের কাজও সম্পন্ন করা হয়। বাংলাদেশের অংশের সমীক্ষার তথ্য না পওয়ায় দুই হাজার সাতশ’ ২৭ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পটি মাঝপথে থেমে যায়।
ত্রিপুরার চার সাংসদ তাদের চিঠিতে এ প্রকল্পের বাস্তবায়ন তরান্বিত করতে এবং আগামী বাজেটেই অর্থবরাদ্দ দিতে রেলমন্ত্রীর কাছে আহ্বান জানান।
