২২ জানুয়ারি ১৪ দলের ডাকে সকাল--সন্ধ্যা হরতাল
দুইজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগের প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ২২ জানুয়ারি সারাদেশে সকাল--সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের একটি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ২২ জানুয়ারির হরতালের ঘোষণা দেন।
ব্রিফিংকালে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, বিএনপি--জামাত জোট সরকার যে কোন মূল্যে ক্ষমতা আকড়ে থাকতে চায়। যে কারণে তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ নির্বাচন হলে তারা জনগণের রায় পাবে না, এটা তারা বুঝতে পেরেছে।
এর আগে সোমবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়াকে নিয়োগ প্রদান করেন।
তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ঘন্টারও বেশি সময় ধরে ১৪ দলের বৈঠকটি চলে।
জলিল বলেন, বিরোধী দলগুলো যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্যে পরিকল্পিত উপায়ে বিএনপি--জামাত জোট ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি। নির্বাচন কমিশন সংক্রান্ত হাইকোর্টের আদেশ এড়িয়ে অসৎ উদ্দেশ্য সাধনে ও পরিকল্পিত উপায়ে আগামী সাধারণ নির্বাচনে কারচুপি করতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার সরকারের খেলার পুতুল হিসেবে কাজ করছেন এবং সরকারের নির্দেশ মেনে চলছে মাত্র।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, পুরো নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
সোমবারের প্রেস ব্রিফিংয়ের সময় ১৪ দলের নেতৃবৃন্দ তাদের পূর্বঘোষিত কর্মসূচির কিছু রদবদল আনেন।
তাদের কর্মসূচির অংশ হিসেবে ইসি’র হাইকোর্টের আদেশ লংঘনের প্রতিবাদে ১৪ দল ১৯ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একই দিনই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করবে। এর আগে তারা সারাদেশের নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল।
১৪ দল ২৩ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সমাবেশ করবে। ৩১ জানুয়ারি সিলেট বিভাগীয় মহাসমাবেশের তারিখ পরিবর্তন করে ১ ফেব্র“য়ারি করা হয়েছে।
এছাড়া পূর্বঘোষিত ৫ ফেব্র“য়ারি তারিখেই লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
