সিইসি’র মেরুদণ্ডে ব্যথা, রোববারেও অফিসে যাননি
ভোটার তালিকা প্রণয়ন নিয়ে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ রোববারেও অফিস করতে পারেন নি। রায় বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ কারনে আটকে রয়েছে।
সুত্র জানায়, মেরুদণ্ডে ব্যথা নিয়ে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজের ফিজিও থেরাপিস্ট অধ্যাপক ডা ইকবাল আকন্দ’র অধিনে চিকিৎসাধীন। চিকিৎসার জন্যে রোববার ইস্কাটনের এসপিআরসি জেনারেল হাসপাতালে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান করেন তিনি।
থেরাপিস্ট ইকবাল আকন্দ সাংবাদিকদের জানান র্বতমানে, সিইসি স্বাভাবিক হাটাচলা করতে পারেন। তার মেরুদন্ডে হালকা ব্যথা ছিল। এখন আগের চেযে তিনি সুস্থ্য।
এদিকে অভিযোগ উঠেছে, বৈঠক এড়ানোর জন্য নতুন কৌশল নিয়েছেন সিইসি। একারণেই মেরুদন্ডের ব্যথার কথা বলে নির্বাচন কমিশনে না গিয়ে রোববারে হাসপাতালে যান তিনি।
বিশ্বস্ত সুত্র জানায়, বাদীপক্ষের কৌশলী ও রায় প্রদানকারি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে পাঁচ দফা নির্দেশ না মানার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ আনার আশঙ্কায় সিইসি অফিসে না গিয়ে হাসপাতালে গিয়েছেন।
নির্বাচন কমিশনের দুই কমিশনার যখন সভা আহবানের জন্য অপেক্ষা করছেন ঠিক তখনই তার হাসপাতালে যাওয়ার খবর পাওয়া যায়। অভিযোগ উঠেছে, যেহেতু সংখ্যা গরিষ্ঠ্যের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে তাই আরো দুইজন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য অপেক্ষা করছেন সিইসি।
সূত্র জানায়, নতুন নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তুতিও প্রায় সম্পন্ন।
সূত্র আরও জানায়, এ সপ্তায়ই হাইকোর্ট নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছুটিকালীন চেম্বার জজের কাছে আপিল দায়ের করার প্রস্তুতিও নিচ্ছে।
নির্বাচন কমিশনার মুন্সেফ আলী সাংবাদিকদের জানান, রায়ের কপি গ্রহণের পর বৈঠক আহবানের জন্য রোববার সিইসি’র সঙ্গে যোগাযোগ করতে টেলিফোন করা হলে তার বাসার পিয়ন আবুল হোসেন জানায় স্যার বাসায় নেই। তিনি হাসপাতালে।
হাইকোর্টের নির্দেশনার ১১ দিন পরেও তারা ভোটার তালিকার কাজ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।
বিরোধী দলের বাধা এবং হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সামনে রেখেই সারা দেশে জানুয়ারির এক তারিখে অনেকটা ‘হযবরল’ অবস্থায় বিতর্কিত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। নিয়োগ দেওয়া হয় প্রায় ৩০০,০০০ কর্মী।
রায়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ সাংবাদিকদের কাছে এ পর্যন্ত মুখ খুলেননি।
অসুস্থতার খবর শুনে রোববার তাকে বাসায় দেখতে গেলেও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনের কথা বলেও পরে তা বাতিল করেন সিইসি। সেদিন পুলিশ সদস্যদের দিয়ে উপস্থিত সাংবাদিকদের অনেকটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
