২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি হাইকোর্টের আদেশ অমান্য করেছে: জনগণ নতুন ভোটার তালিকা প্রণয়ন প্রতিহত করবে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা রোববার বলেছেন, হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান নির্বাচন কমিশনারের নতুন ভোটার তালিকা প্রণয়ন জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

হজ পালন শেষে রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, বিএনপি জামায়াত জোট ভালো করেই জানে যে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা আগামী নির্বাচনে জেতার জন্য ভোটার তালিকা নিজেদের মতো করে করার পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, জনগণের অধিকার লঙ্ঘন ও হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের নির্দেশে ভোটার তালিকা প্রণয়ন অব্যাহত রেখেছেন।

শেখ হাসিনা বলেন, হজযাত্রীদের নিয়ে সরকার একটি জগাখিচুড়ি অবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, হাজিদের নিয়ে যা হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। সরকার সবকিছু নিয়ে ব্যবসা করছে এবং হজের সময় তারা ব্যবসা করতে গিয়ে হাজিদের সমস্যায় ফেলেছে।

শেখ হাসিনা বলেন, সরকার হাজিদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত না করায় তারা কত কষ্ট করছেন সেটা তিনি নিজ চোখে দেখে এসেছেন। তিনি বলেন, আমি তাদের সমস্যাগুলো তালিকাভুক্ত করে নিয়েছি এবং অবিলম্বে সেসব সমস্যার সমাধান করতে হবে।

শেখ হাসিনা বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জনগণ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেনি, সেটি আমি ভালো করেই জানি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ এখন রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে আছে।

তিনি আরও বলেন, মক্কায় বসে তিনি বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসন থেকে দেশের জনগণ ও তার দলের নেতাকর্মীর মুক্তির জন্য মহান আল্লাহ-তায়ালার কাছে মোনাজাত করেছেন।

বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি, সুরঞ্জিৎ সেনগুপ্ত এমপি, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।