২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা, গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যকে গণআন্দোলনে পরিণত করতে হবে: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তারা

বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে দেশে বাঙালির জাতি-সত্ত্বার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জঙ্গি তৎপরতার মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপণ্ করে তোলা হয়েছে। এ অবস্থা থেকে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষায় জাতীয় ঐক্যকে গণআন্দোলনে পরিণত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আলোচকরা একথা বলেন।

ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘর চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, যুগ্মসম্পাদক ওবায়দুল কাদের, মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, প্রকৌশলী মোজাম্মেল বাবু প্রমুখ।

জিল্লুর রহমান বলেন, ৭০’র নির্বাচনের বিজয়ের পরও ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর পদের বিনিময়ে ছয় দফা থেকে স্বায়ত্ত্বশাসনের দাবি বাদ দিতে বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীত্বের প্রলোভনও বঙ্গবন্ধুকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। তিনি দেশের মানুষের জন্যে স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি বলেন, দেশে আজ স্বাধীনতাবিরোধী শক্তির মদদে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এ জঙ্গিবাদের মদদদাতা সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উচ্ছেদ করে জঙ্গিবাদ রুখতে হবে।

জোহরা তাজউদ্দিন বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে মৌলবাদের দিকে নিয়ে যাওয়া হয়। স্বাধীনতাবিরোধী শক্তিই আজ রাষ্ট্রক্ষমতায় আসীন। এদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। এ দায়িত্ব বঙ্গবন্ধুর অনুসারি আওয়ামী লীগের নেতাকর্মীদের।

আব্দুর রাজ্জাক বলেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসার পরই বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়।

আব্দুল জলিল বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শ প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করে। ৭১’র পরাজিত শক্তি আজ রাষ্ট্র ক্ষমতায়। তারা আজ ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।