২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কৃষক লীগের সম্মেলনে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় সাবেক এমপিসহ ৩০ জন আহত

সিরাজগঞ্জের শাহাজাদপুর থানা কৃষকলীগের সম্মেলনে যাওয়ার পথে সোমবার প্রতিপক্ষের হামলায় সাবেক এমপি আব্দুল লতিফ মির্জা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

একটি সূত্র জানায়, প্রতিপক্ষ সাবেক এমপি চয়ন ইসলাম ও পৌরসভা চেয়ারম্যান হালিমুল হক মিরু সমর্থিত শতাধিক নেতাকর্মী এ হামলা চালায়।

সূত্র আরও জানায়, সংঘর্ষের আশংকায় শাহাজাদপুর উপজেলা প্রশাসন রোববার রাত থেকেই সম্মেলনস্থল রবীন্দ্র কুঠিবাড়ী অডিটোরিয়াম এলাকায়  ১৪৪ ধারা জারি করে। পরে সম্মেলনের স্থান পরিবর্তন করে বর্ণালী সিনেমা হলের সামনে নিয়ে যাওয়া হয়।

সকালে কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ তারিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে তিনটি মাইক্রোবাস যোগে নেতাকর্মীরা সম্মেলনস্থলে যাওয়ার পথে চয়ন ইসলামের বাড়ির কাছে গাড়াদহ নামক স্থানে কৃষকলীগের সম্মেলন বিরোধী নেতাকর্মীরা হামলা চালায়। 

হামলায় আব্দুল লতিফ মির্জা, সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নেতা শহিদুল আলম, শাহাজাদপুর থানা ছাত্রলীগ নেতা পলাশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। এসময় একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে হামলার প্রতিবাদে সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে শাহাজাদপুরে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। হামলার ঘটনা সত্ত্বেও দলের সম্মেলন যথারীতি অনুষ্ঠিত হয়।