ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ হোন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি শেখ হাসিনা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার দেশবাসীকে সংগ্রামের জন্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
এ উপলক্ষে এক বিবৃতিতে সোমবার তিনি বলেন, বাঙালীর মুক্তিসংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এইদিনে পাস্তিানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন।
শেখ হাসিনা বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, আন্দোলন ও আত্মত্যাগ বঙ্গবন্ধুকে জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর আসনে বসিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু নিজে তার স্বদেশ প্রত্যাবর্তনকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা হিসেবে বর্ণনা করেছেন।
শেখ হাসিনা তার বিবৃতিতে দেশবাসীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের কারণেই জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়।
