২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৮০ শতাংশ ভোটার তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন’

নতুন ভোটার তালিকায় ভোটারের তথ্য সংগ্রহের কাজ ঢাকায় ৭৬ শতাংশ এবং সারা দেশে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্র রোববার এ তথ্য জানায়। হাইকোর্টের রায় না পৌঁছার কারনে কমিশন তার ভোটার তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ায় এ অগ্রগতি হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের রায়ের ব্যাখ্যা নিয়ে নির্বাচন কমিশনসহ সকল স্তরের জনমনে দ্বিধা ঘোঁচেনি।

হাইকোর্ট রায় ঘোষণার চার দিন পরেও তার কপি নির্বাচন কমিশনে পৌঁছায়নি বলে নতুন ভোটার তালিকার কাজ চালিয়ে যাচ্ছে কমিশন।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী  জানান, রায়ের কপি এখনো হাতে পাননি। তবে তিনি ব্যাক্তিগত উদ্যোগে আদালতের ডেপুটি রেজিস্ট্রারের কাছে কপি চেয়ে পাঠিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখার প্রধান একেএম সলিমুল্লা জানান, হাইকোর্ট যে আলোকে রায় দিয়েছে সে আলোকেই ভোটার তালিকা প্রণয়নের কাজ চলবে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও তিনি অফিসে আসেন নি। সিইসি’র পিএস মোস্তফা ফারুক জানান, মেরুদন্ডের ব্যথার কারণে সিইসি অফিসে আসতে পারেননি ।

তবে মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা যায়, ভোটার তথ্য সংগ্রহের কাজ অনেকটা ঢিমেতেতলাভাবে চলছে।

ভোটার তালিকা কার্যক্রমের পারিশ্রমিক প্রদানে বৈষম্য এবং এ পারিশ্রমিকের টাকা আদৌ পাবেন কিনা এ নিয়েও তথ্য সংগ্রহকারিদের মাঝে সংশয় দেখা দিয়েছে। আর এ কারণে তথ্য সংগ্রহ থেকে বিরত রয়েছেন অনেক কর্মী।

নগরীর কয়েকজন তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করে জানা যায়, হাইকোর্টের রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা দ্বন্দের কারণেই তারা পন্ডশ্রম হয় এ ভেবে কাজ থেকে বিরত রয়েছেন। এছাড়াও পারিশ্রমিক নিয়ে বৈষম্য ও অনিশ্চয়তা তাদের কাজ বন্ধ রাখার একটি কারণ বলে জানিযেছেন বেশ কয়েকজন তথ্য সংগ্রহকারী।  নাম না প্রকাশের শর্তে একজন বলেন, সংবাদপত্রের মাধ্যমে আমরা জেনেছি তথ্য সংগ্রহকারী প্রতি থোক বরাদ্দ দুই হাজার টাকা। অর্থাৎ যে ৩০০ ভোটারের তথ্য সংগ্রহ করবে তার জন্য যা বরাদ্দ ৭০০ ভোটারের তথ্য সংগ্রহ করলে তার জন্যেও একই বরাদ্দ।

এ  বৈষম্যের কারণেই উৎসাহ হারিয়ে ফেলছেন বলে জানান তিনি।

এছাড়াও অভিযোগ রয়েছে, ২০০০ সালে অনেক তথ্য সংগ্রহকারী তাদের টাকা এখনো পাননি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।

ঈদুল আযহার কারণে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারনেও  কাজ এগুচ্ছে না বলে অনেকে মন্তব্য করেছেন।

এদিকে, বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ অবিলম্বে বাংলাদেশী বিহারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ।

রোবরার সিইসির সঙ্গে এ প্রতিনিধি দলের সাক্ষাতের কথা থাকলেও সিইসি’র মেরুদণ্ডে ব্যাথার কারণে তিনি অফিস না করায় তা সম্ভব হয়নি বলে সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।