২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের আদেশ লঙ্ঘন করায় সিইসি, ইসি সচিবের প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিন্দা

হাইকোর্টের আদেশ সত্ত্বেও বিতর্কিত লোকদের দিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে হাইকোর্টের আদেশ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) রোববার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের প্রতি নিন্দা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম এক বিবৃতিতে বলেন, অসম্পূর্ণ এবং নিজেদের মতো ভোটার তালিকা তৈরির জন্যে হাইকোর্টের আদেশকে পাশ কাটিয়ে বিতর্কিত পদ্ধতিতে ক্ষমতাসীন বিএনপি--জামাত কর্মীদের দিয়ে ভোটার তালিকা তৈরির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

এসসিবিএ সভাপতি বলেন, হাইকোর্টের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্যে একটি গোষ্ঠী হাইকোর্টের আদেশ মানা বাধ্যতামূলক না নির্দেশনামূলক- এ প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এটি খুবই দুঃখজনক।

তিনি বলেন, নতুন ভোটার তালিকা প্রণয়নের ওপর দায়ের করা দু’টি রিট পিটিশনের নিষ্পত্তিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি মতামত, ব্যাখ্যা ও নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু এ আদেশের প্রতি সম্মান না দেখিয়ে নতুন ভোটার তালিকা তৈরির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এটি হাইকোর্টের আদেশের প্রতি চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।

হাইকোর্টের আদেশের ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এদিকে হাইকোর্টে রিট দু’টি পরিচালনাকারী ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বিডিনিউজকে বলেন, হাইকোর্টের রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকাভুক্তকরণের চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এমনিক হাইকোর্ট বলার পরও নির্বাচন কমিশনের তিন কমিশনার এক হতে পারেননি। অপর দুই নির্বাচন কমিশনারকে উপেক্ষা করে নির্বাচন কমিশন সচিবালয় এখনও নতুন ভোটার তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধান নির্বাচন কমিশন সচিবালয়ের ওপর নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, নির্দেশনা ও নিয়ন্ত্রণ থাকতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেটি করতে পারছে না।

ব্যারিস্টার আমির--উল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের তিন কমিশনার যদি হাইকোর্টের রায়ের কপি না পেয়ে থাকেন, তাদের উচিত ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া। তারা নিজেদের মধ্যে কখনোই বৈঠক বা আলোচনা করছেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।