২৮ ফেব্রুয়ারি জাপার (এরশাদ) বিদ্রোহী গ্রুপের নতুন দলের ঘোষণা
জাতীয় পার্টির (এরশাদ) পদত্যাগী নেতাকর্মীরা সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম প্রধানের নেতৃত্বে নতুন দল গঠন করার জন্য ২৮ ফেব্র“য়ারি ঢাকায় জাতীয় কনভেনশনের আয়োজন করেছে।
ওই দিনই প্রধান ও এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার নেতৃত্বে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।
এ জন্য ‘জাতীয় পার্টি গণতান্ত্রিক ধারা’ নামে একটি জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিউল আলম প্রধান এ ঘোষণা দেন। জাপা (এরশাদ) থেকে বহিস্কৃত প্রেসিডিয়াম সদস্য বিদিশার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এতে আসেননি। উপস্থিত ছিলেন সাংসদ মণোরঞ্জন শীল গোপাল, জাপার (এরশাদ) পদত্যাগী সহ -- সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, আনিসুর রহমান, কবিরুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
জাপার (এরশাদ) মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দিনাজপুর থেকে নির্বাচিত সাংসদ মনোরঞ্জন শীল গোপাল ওই প্রস্তুতি কমিটির আহ্বায়ক। শফিউল আলম প্রধান নিজেই এ সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারি।
সংবাদ সম্মেলনে প্রধান বলেন, দালাল চক্রের অশুভ কালো থাবা থেকে নেতাকর্মীরা মুক্তি চায়। জাতীয় পার্টি নামেই কনভেনশন পর্যন্ত নতুন দলের কার্যক্রম চলবে। কোনো ব্রাকেট বন্দি দল গঠন নয়, আমাদের সংগ্রাম আদর্শিক সংগ্রাম।
তিনি জাপার (এরশাদ) বিরুদ্ধে এন্তার অভিয়োগ এনে বলেন, দালালী, সেলামী ও গোলামীর অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসার সাধ্য ও যোগ্যতা জাপার চেয়ারম্যান এরশাদের নেই। উপরন্ত দিনাজপুরের নির্বাচনে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে তিনি জাপাকে জোট সরকার ও জামাতের তস্য দালালে পরিনত করেছেন।
এক প্রশ্নের জবাবে শফিউল আলম প্রধান বলেন, জঙ্গি উত্থাণের কারণে দেশের অস্তিত্ব আজ বিপন্ন। দেশে জঙ্গি উত্থাণের জন্য জোট সরকার ও জামায়াত দায়ী। তারাই জঙ্গিদের মদদদাতা। এদের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্য দরকার।
প্রধান জোট সরকার বিরোধী চলমান আন্দোলনে তার সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ আন্দোলনে আমরা শরীক হবো।
