ভোটার তালিকার কাজ বন্ধ ও সিইসিকে অপসারণ করুন : ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দল হাইকোর্টের রায় মেনে নিয়ে অবিলম্বে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ বন্ধ করে হালনাগাদ করা এবং প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা তৈরীতে নিযুক্ত মাঠ কর্মীদের সিইসি’র নির্দেশনা অনুযায়ী নতুন ভোটার তালিকার কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ১৪ দল।
শুক্রবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভা থেকে এই দাবি জানানো হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি সভায় সভাপতিত্ব করেন।
রাত সাড়ে ৯ টায় সভার মাঝখানে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, সিইসি হাইকোর্টের রায় উপেক্ষা করে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ অব্যাহত রেখেছেন। একে সংবিধান পরিপন্থি এবং অবৈধ উল্লেখ করে সিইসিকে অবিলম্বে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মাঠ পর্যায়ে তালিকা প্রস্তুতের কাজে নিয়োজিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন। জনগণের শত্র“ হিসেবে চিহ্নিত হবেন আপনারা। এই অবৈধ কাজ থেকে বিরত না হলে জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে।
সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
