১৫ বছরে দেশ আমাদের সন্ত্রাস আর লজ্জা উপহার দিয়েছে: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের ১২ দফা বাস্তবায়নে যারা অঙ্গীকার করবে, আমরা তাদের সাথে জোটে যোগ দেবো।
রোববার জাপার (এরশাদ) ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর জাপা সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, গোলাম হাবিব দুলাল, শেখ শওকত হোসেন নীলু, আবু সুফিয়ান, নূরে হাসনা লিলি চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরশাদ বলেন, ’৮২ সালে আমাকে বাধ্য হয়ে দায়িত্ব নিতে হয়েছিলো। আমি দায়িত্ব নিতে চাইনি। আমাকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিলো।
তিনি বলেন, তখন গণতন্ত্র পুনরুদ্ধারে দল না থাকলেও ’৮৪ সালে সংসদ নির্বাচন দেওয়া হয়েছিলো। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশ নিলে ইতিহাস অন্যরকম হতো। বাধ্য হয়েই ’৮৬ সালে জাতীয় পার্টি গঠন করা হয়।
তিনি আরো বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ১৫ বছর আগে ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু দেশে আজ গণতন্ত্রের মৃত্যু হয়েছে। ১৫ বছরে মানুষ কিছুই পায়নি। ১৫ বছরে এই ‘গণতন্ত্র’ আমাদের সন্ত্রাস, বঞ্চনা, অপমান আর লজ্জা উপহার দিয়েছে।
এইচএম এরশাদ বলেন, নতুন বছর জাতির জন্য অত্যন্ত কঠিন সময় হবে। সরকার নির্বাচন করতে চায়, আর বিরোধী দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। যা জাতির জন্য অশুভ সংকেত।
তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু এটা সুদূর পরাহত। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় পার্টিকে সংগঠিত হয়ে ক্ষমতায় এসে দেশের মানুষের আশা - আকাঙ্খা পূরণ করতে হবে।
