২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রকারীরা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে: ড. মোশাররফ

স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও বহুদলীয় গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা নিশ্চিত পরাজয় জেনে নানা অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী মু্িক্তযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোমবার তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ৩৫ বছর পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাংসদ রেদোয়ান আহম্মেদ, মহাসচিব এসএম শফিউজ্জামান খোকন, কমিশনার আব্দুল মজিদ প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি যখনই সুযোগ পেয়েছে, দেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে উর্ধ্বে তুলে ধরতে কাজ করেছে। আর যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতাকে হত্যা করেছে।

তিনি নির্বাচন বানচালের চেষ্টা ও ষড়যন্ত্রকারীদের রুখতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর ফিরিয়ে আনার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান।