২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রাখার বিষয়ে হাইকোর্টের রুল জারি, ভোটার তালিকা বিষয়ে আদেশ মঙ্গলবার

নির্বাচন কমিশন সচিবাচলয়ে রাজনৈতিক নিয়োগের এবং প্রধান নির্বাচন কমিশনারের একতরফা সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা প্রণয়নের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের ওপর হাইকোর্ট সোমবার রুল জারি করেছেন এবং অপর একটি রিটের ওপর শুনানি গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি’র দায়েরকৃত রিট আবেদনটির শুনানি শেষে হাইকোর্ট কেন নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রনাধীনে রাখা অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে সরকার ও নির্বাচন কমিশনের ওপর রুল জারি করেন।

এছাড়াও হাইকোর্ট নির্বাহী কর্তৃপক্ষের মাধ্যমে কেন জিলা ও উপজিলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ এবং এসব পদ সৃষ্টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারেও কারণ দর্শানোর আদেশ দেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের তিন সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও একই বেঞ্চে অপর দুই নির্বাচন কমিশনারের মতামত উপেক্ষা করে নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের একক সিদ্ধান্ত গ্রহণকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাংসদ আসদ্জ্জুামান নূর ও অ্যাডভোকেট রহমত আলীর দায়ের করা রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়।

আবদুল জলিল তার রিট পিটিশনে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সে অনুযায়ী নির্বাচনী আইন তৈরি এবং কর্মকর্তা কর্মচারি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কমিশনের রয়েছে। কিন্তু নির্বাহী কমিটি নির্বাচনী আইন তৈরি করে যা সংবিধানের লংঘন।

যথাযথভাবে কাজ করার জন্যে নির্বাচন কমিশন সচিবালয় গঠন এবং কর্মকর্তা কর্মচারি নিয়োগের ক্ষেত্রে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কমিশনের কর্মকর্তা কর্মচারি নিয়োগের জন্যে ১৯৭৯ সালে ‘নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারি) নীতিমালা’ গঠন করা হয়।

আবেদনকারীর পক্ষে পিটিশনটি পরিচালনা করেন ব্যারিস্টার আমির-উল ইসলাম। তাকে সহযোগিতা করেন এম ইনায়েতুর রহিম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান নূর ও রহমত আলীর দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে আদালত নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে মঙ্গলবার ১৯৯০, ১৯৯৫ ও ২০০০ সালের ভোটার তালিকার নথিপত্র সংযোজন করে তা আদালতে দাখিল করতে বলেন। ওইদিনই আদালত এ ব্যাপারে রায় দিতে পারেন।

আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন সোমবার আদালতকে বলেন, অপর দুই নির্বাচন কমিশনারের মতামত না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এককভাবে নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত নেন যা সংবিধানের লংঘন।

আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সকল সদস্য বা সংখ্যাগরিষ্ঠ সদস্য মিলে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু অপর দুই নির্বাচন কমিশনার নতুন ভোটার তালিকা তৈরি না করে তালিকা সংশোধনের পক্ষে মত দেওয়া সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার এককভাবে নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত নেন।

আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের কর্মকর্তা নিয়োগ করে নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু করেছেন।

তিনি বলেন, নতুন তালিকায় আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে না। কিন্তু তালিকা সংশোধন করা হলে এসব ভোটারদের বাদ পড়ার খুব কম সম্ভাবনা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ বলেন, ২০০৫ সালের ৭ আগস্ট এক বৈঠকে নির্বাচন কমিশনের তিন সদস্যই নতুন ভোটার তালিকা তৈরির পক্ষে মত দিয়েছেন।

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নুতন ভোটার তালিকা তৈরিতে কোনও বাধা নেই। ১৯৯০, ১৯৯৫ এবং ২০০০ সালে নতুন ভোটার তালিকা তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।