২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার পায়তারা করছে: হাসিনা

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, প্রশাসনকে রাজনীতিকীকরণ এবং কতিপয় ‘অনুগত’ সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় এটি প্রমাণিত হয়েছে যে সরকার নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার পায়তারা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ভোটার তালিকা তৈরির প্রকল্পে বরাদ্দকৃত ১৬৪ কোটি টাকা লুট এবং তা হালাল করার জন্যে নতুন তালিকা তৈরির নামে তারা পূর্বে মহড়া দেওয়া নাটকের মঞ্চায়ন করছে।

জঙ্গিরা আগামী সাধারণ নির্বাচনে যাতে বিএনপি’র পক্ষে কাজ করতে পারে সেজন্যে সরকার তাদেরকে সাধারণ ক্ষমা করার পরিকল্পনা আঁটছে বলে তিনি অভিযোগ করেন।

নিহত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চুর পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়ার পর  সুধা সদনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিরোধী দলীয় নেতা একথা বলেন। বাচ্চুর স্ত্রী জাহান আখতার ও তিন কন্যা এ চেক গ্রহণ করেন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক বাচ্চু ২০০৫ সালের ১৭ মে আততায়ীর গুলিতে নিহত হন।

বাচ্চু হত্যা মামলার তদন্ত থেমে যাওয়ার কথা উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, সরকার অতীতের অনেক ঘটনার মতো এ ঘটনাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি শাহ এএমএস কিবরিয়া, আহসান উল্যাহ মাস্টারসহ অন্যান্য আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।

সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, নেতা ও কর্মীদের হত্যা করার পর, এবং বোমা মেযে আরও অনেককে হত্যার চেষ্টার পর এখন তারা পরবর্তী সাধারণ নির্বাচনে কারচুপির পাঁয়তারা করছে। তিনি বলেন, নির্বাচনে ভোট জালিয়াতির সকল ব্যবস্থা তারা করে ফেলেছে। তারা প্রশাসনকে রাজনীতিকীকরণ করে এখন তাদের অনুগতদের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে।

তিনি বলেন, বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়ে ছাত্রদল ও শিবিরের অনেক কর্মী প্রশাসনে ঢুকে পড়েছে।

সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে দলীয় সভায় তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।