ভোটার তালিকা প্রণয়নে বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ
রাজধানীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা প্রণয়নের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও খুলনা, রাজশাহী ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম অভিযোগ করেন, লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে ভোটার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হচ্ছে।
তিনি বলেন, এসব এলাকায় বিএনপির নেতা- কর্মী ও স্থানীয় ওয়ার্ড কমিশনারদের নির্দেশে নিজেদের কর্মী ও তাদের আত্মীয় স্বজনদের নাম বেছে বেছে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আ’লীগের নেতা কর্মীদের বাড়িতে গিয়ে শুধু বাড়িওয়ালাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিন চার বছর ধরে বসবাস করার পরও ভাড়াটেদেরও ভোটার তালিকায় নেয়া হচ্ছে না।
নিজের নাম ভোটার তালিকায় উঠবে কিনা এ ব্যাপারে আশংকা প্রকাশ করেন হাজী সেলিম।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নারী কর্মীদের নাম অর্ন্তভুক্ত নিয়েও তালবাহানা করছে। এমনকি বৃহত্তর ফরিদপুর ররিশাল এলাকায় বাড়ি এমন ভাড়াটিয়া ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নাম বাদ রাখছে।
আবার গোপালগঞ্জ ও ফরিদপুরে বাড়ি হওয়ায় এবং আওয়ামী লীগ করার কারণে অনেককেই ভোটার করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, মহানগরী খুলনায় সংখ্যালঘু এবং গোপালগঞ্জ, ফরিদপুরের লোক ও আওয়ামী লীগ সমর্থক হওযায় অনেকেই ভোটার হতে পারেননি।
ভোটার তালিকা তৈরির কাজে নিয়োজিত জামাত ও বিএনপি কর্মীরা কোনও কোনও ক্ষেত্রে বলপেনের পরিবর্তে পেন্সিল দিয়ে তাদের ফরম পূরণ করছেন। ফলে অনেকই তালিকাভূক্ত হলেও এবার ভোটার তালিকায় শেষ পর্যন্ত নাম থাকবে না এমন আশঙ্কা করছেন।
সূত্র জানায়, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে প্রায় দুই শতাধিক হিন্দু ভোটার এখনও তালিকায় অন্তর্ভুক্ত হননি।
একটি হিন্দু পরিবার জানায়, আগের তালিকায় তাদের পরিবারের পাঁচ জন ভোটার থাকলেও এবার ভোটার করা হয়েছে মাত্র দুইজনকে। অথচ তাদের পাশ্ববর্তী জামাত কর্মীর বাড়ির ২৮ জনকে ভোটার করা হয়েছে বলে তারা জানান।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, ভোটার তালিকা প্রণয়নের জন্যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠ পর্যায়ের তথ্যের সাথে জেলা পর্যায়ের তথ্যের ব্যাপক গরমিল রয়েছে। তাছাড়া সাত দিনের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, সুপারভাইজারদের চাপে মাঠ পর্যায়ের কর্মীরা অনেকের বাড়িতে না গিয়েই তড়িঘড়ি করে তথ্য পাঠিয়ে দিচ্ছেন।
গত তিনদিনে তথ্য সংগ্রহের কাজ ৫২ দশমিক ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন জেলা নির্বাচন কমিশন।
তবে কয়েকজন তথ্য সংগ্রহকারী বিডিনিউজকে জানান, নগরীর অধিকাংশ পরিবারের সদস্য কর্মক্ষেত্রে থাকায় বাড়ি গিয়ে তাদের পাওয়া যাচ্ছে না। ফলে সাত দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা সে ব্যাপারে তারা সংশয় প্রকাশ করেন।
তবে জেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা দাবি করেন, মাঠ পর্যায় থেকে প্রকৃত তথ্যই পাঠানো হচ্ছে। সেই সাথে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার গণনার কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ভোটারদের তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ ও মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে। এখানে স্কুলছাত্রী, কৃষক ও বিএনপি কর্মীরা শিক্ষক পরিচয়ে তথ্য সংগ্রহকারী ও সনাক্তকারী হিসাবে নিয়োগ পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, বিধি অনুযায়ী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের নিয়োগ দেওয়ার কথা। কিন্তু দলীয়করণ করতে যেয়ে সরকারি দলের কতিপয় স্থানীয় নেতা এভাবে মিথ্যা পরিচয়ে দলীয় লোক নিয়োগ করেছেন।
জাতীয়তাবাদী যুবদল সদর থানা কমিটির সদস্য মো: মল্লিক ফিরোজ কবীর রাজুর নাম তালিকায় রয়েছে মধুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে। ওই স্কুলের শিক্ষক আল মামুন জানান, মল্লিক ফিরোজ কবীর রাজু তাদের স্কুলের শিক্ষক নন। এভাবে জেলার বিভিন্ন স্থানে রম অনিয়মের মধ্য দিয়ে চলছে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ
