ভোটার তালিকা সংক্রান্ত রিটের শুনানিকালে আদালতে শোরগোল
নতুন ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্ত গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠানকালে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক শোরগোল হয়েছে।
মামলার বিবাদী পক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র একটি বক্তব্যকে কেন্দ্র করে এ হৈ চৈ’র ঘটনা ঘটে। অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আদালতে বলেন, এ রিট পিটিশনের শুনানি দীর্ঘায়িত হলে আদালত ধ্বংস হয়ে যাবে।
তার এ মন্তব্যে এজলাস উত্তপ্ত হয়ে ওঠে এবং রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা এ মন্তব্যের বিরোধিতা করে বলেন, আপনারাই (সরকারপন্থী আইনজীবীরা) আদালত ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে তাকে ধ্বংস করার চেষ্টা করছেন।
মঙ্গলবার রিটের শুনানিকালে কোনও সাংবাদিককে এজলাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলে দায়ের করা এ রিট পিটিশনের শুনানি মঙ্গলবার তৃতীয়বারের মতো স্থগিত করা হয়।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার ১৯৯০, ১৯৯৫ ও ২০০০ সালের ভোটার তালিকা তৈরি সংক্রান্ত নথিপত্র সংযোজন করে তা আদালতে পেশ করার জন্যে আবেদনকারীর আইনজীবীদের নির্দেশ দেন। আদালত একই সাথে বুধবার পরবর্তী শুনানি এবং রায়ের তারিখ ধার্য করেন।
আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার এম আমির--উল ইসলাম আদালতে বলেন, সংশ্লিষ্ট আইন এবং ঐতিহ্য ভঙ্গ করে নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা প্রণয়নের কাজ করছে।
তিনি বলেন, ভোটার তালিকার কাঠামো এমনভাবে করা হয়েছে যাতে অনুপস্থিত ভোটাররা তালিকা থেকে বাদ যাবে এবং এর ফলে ভোটার হওয়ার সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এছাড়াও নতুন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি দেখা দেবে।
তিনি আরও বলেন, নতুন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অপর দুই সদস্য তিন তিন বার বিরোধিতা করেছেন। নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা তৈরির জন্যে দলীয় ভিত্তিতে বিএনপি-জামাত কর্মীদের নিয়োগ দিয়েছে। তাদেরকে দিয়ে ভোটার তালিকা তৈরি করা হলে বিরোধী দলের ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলে তিনি মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ আদালতে বলেন, রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত যদি স্থগিতাদেশ দেয় তবে নতুন ভোটার তালিকা তৈরির পুরো প্রক্রিয়া নস্যাৎ হয়ে যাবে।
আদালত এ মামলার রায় দেওয়ার উদ্যোগ নিলে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার এম আমির--উল ইসলাম ও ব্যারিস্টার তানজিবুল আলম আদালতে বলেন, অতীতের ভোটার তালিকা তৈরির ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ের নথি সংক্রান্ত তাদের আরও বক্তব্য আছে।
আইনজীবীরা বিডিনিউজকে জানান, আবেদনকারীদের অন্যতম আইনজীবী ড. কামাল হোসেন মঙ্গলবার ঢাকায় না থাকায় বুধবার তিনি আদালতে তার বক্তব্য তুলে ধরবেন।
নির্বাচন কমিশন সচিব সম জাকারিয়া, যুগ্ম সচিব মোহাম্মদ জকোরিয়াসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা রিটের শুনানি অনুষ্ঠানের আগেই হাইকোর্টে হাজির হন।
প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা তৈরি এবং রাজনৈতিক বিবেচনায় কমিশন সচিবালয়ে তিন লাখ কর্মকর্তা-কর্মচারি নিয়োগদানকে চ্যালেঞ্জ করে বিরোধী দল আওয়ামী লীগের তিন নেতা আব্দুল জলিল এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি ও আসাদুজ্জামান নূর এমপি ১২ ডিসেম্বর হাইকোর্টে দু’টি রিট পিটিশন দাখিল করেন।
১৫ জানুয়ারি এ রিটের শুনানি প্রথমবার স্থগিত করা হয় এবং ২ জানুয়ারি আবার শুনানি শুরু হয়।
সরকার পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।
