২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগের অনুষ্ঠানে ছাত্রদলের হামলায় আহত ২০ জন, ক্যাডারদের অস্ত্র মহড়া

বরিশাল জেলা সদর রোড বিবির পুকুর পাড়ে বুধবার সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদলের ক্যাডারদের হামলায় অন্তত: ২০ জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রত্যক্ষদর্শী জানায়, পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের ১৪৪ ধারা অমান্য করে বিবির পুকুরের উত্তর পাশে সমাবেশ করে। এছাড়া সেখানে ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মটরসাইকেল নিয়ে মহড়া দেয়।

হামলায় গুরুতর আহত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়াকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় সকাল ১০ টায় জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসান ঘটনাস্থলে উপস্থিত থেকে সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে বলে জানানো হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগ বিবির পুকুরের দক্ষিণ পাড় রাসেল চত্বরে কয়েক দিন আগেই কর্মসূচি ঘোষণা করে।

নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদল মঙ্গলবার সন্ধ্যায় দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে বিবির পুকুর পাড়ে সমাবেশ আহবান করে নগরীতে মাইকিং করে। তবে তখন তারা সমাবেশের কোনো সময় উল্লেখ  করেনি।

বুধবার ছাত্রলীগ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ছয়টায় সোহেল চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার প্রস্তুতি নিলে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগ নেতা তারেককে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে শহরে মহড়া দিতে থাকে।

এদিকে ১৪৪ ধারা অমান্য করে সমাবেশ করার প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ আকন বিপ্লব বিডিনিউজকে বলেন, ‘আমরা ১৪৪ ধারা জারী করার বিষয়ে আগে থেকে অবহিত ছিলাম না।’