২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যমান ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকা প্রণয়নে আদেশ দিয়েছে হাইকোর্ট

গত ২০০০ সালে প্রণীত বিদ্যমান ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকা প্রণয়নের জন্য বুধবার নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিরোধী দলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ জারি করে।

হাইকোর্টের ওই আদেশে আঠার বা তার বেশি বয়সীদের তালিকাভুক্ত করতে এবং মৃত ব্যক্তির নাম ও মানসিক প্রতিবন্ধীদের ভোটার তালিকাভুক্ত না করতে বলা হয়েছে।

বিদ্যমান ভোটার তালিকা বাদ দিয়ে ১ জানুয়ারি থেকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়।

দু’জন নির্বাচন কমিশনের মতামত না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ একতরফাভাবে ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেন। প্রধান নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধী দলের তিনজন নেতা দুটি রিট আবেদন দায়ের করেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু মন্তব্য প্রদানসহ ওই আবেদনগুলোর নিষ্পত্তি করে।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে শুনানি চলাকালে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

হাইকোর্টের মন্তব্যে বলা হয়েছে, অনুপস্থিত ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ পড়েনি এ ব্যাপারে নির্বাচন কমিশনকে নিশ্চয়তা প্রদান করতে হবে।

হাইকোর্টের মন্তব্যে আরও বলা হয়, কোনও নোট বা পত্র বিনিময়ের মাধ্যমে নয়, প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজন নির্বাচন কমিশনারের সরাসরি আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্যে বলা হয়, সংবিধান অনুসারে ভোটার তালিকা প্রণয়নের সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। সংবিধান ও সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুসারেই নির্বাচন কমিশনকে এ দায়িত্ব পালন করতে হবে।

হাইকোর্টের মন্তব্যে আরও বলা হয়, নির্বাচন কমিশন এক বা একাধিক রাজনৈতিক দলের প্রভাবে কিংবা দাবির পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।

মন্তব্যে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য শর্ত হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা। এ ব্যাপারে জনগণের মনে কোনও ধরনের সংশয়ের উদ্রেগ ঘটালে সাংবিধানিকভাবে অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে।

রিট আবেদনকারী পক্ষে বুধবার আদালতে ড. কামাল হোসেন উল্লেখ করেন, সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা নবায়ন দীর্ঘদিন ধরেই একটি অব্যাহত প্রক্রিয়া।

তিনি জানান, নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রচলিত ভোটার তালিকা অনুসারে ১৯৮২ থেকে ১৯৯৫ পর্যন্ত সংযোজন ও সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে হাইকোর্ট নির্বাচন কমিশনকে কিছু নির্দেশনা প্রদান করতে পারে।

আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার আমিনুল ইসলাম জানান, আগামী সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা প্রণয়নে আদালতের হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠেছে।

প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে অ্যাড. খোন্দকার মাহবুব উদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান ভোটার তালিকা বাদ দিয়ে নির্বাচন কমিশন কোনও ভোটার তালিকা প্রণয়ন করছে না।

তিনি বলেন, ২০০৫ সালের ৭ আগস্ট প্রণীত নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধি মোতাবেক তিনজন নির্বাচন কমিশনার আলোচনার মাধ্যমে ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন।

অপর দুই নির্বাচন কমিশনারকে মতামত না নিয়ে ভোটার তালিকা প্রণয়নে প্রধান নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত এবং রাজনৈতিক বিবেচনায় নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের বিষয়টিকে চ্যালেঞ্জ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল জলিল, অ্যাড. রহমত আলী এবং আসাদুজ্জামান নূর হাইকোর্টে ১২ ডিসেম্বর দুটি পৃথক রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনগুলোর ব্যাপারে ১৫ ডিসেম্বর ১ম শুনানি অনুষ্ঠিত হয় এবং পরে ২ জানুয়ারি থেকে আবার শুনানি শুরু হয়।

সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। আবেদনকারী এবং বিপক্ষের মামলা পরিচালনাকারীদের সহযোগিতা করতে উভয়পক্ষের বেশকিছু আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন।