২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জটিল পরিস্থিতির সন্মুখীন নির্বাচন কমিশন

ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন এখন এক জটিল পরিস্থিতির সন্মুখীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

কোটি কোটি টাকা খরচ করে চারদিনে অর্ধেকের বেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পর বুধবার হাইকোর্ট বলেছে ২০০০ সালে প্রণীত তালিকাকে ভিত্তি করে তালিকা তৈরি করতে হবে।

বিরোধী দলের বাধা এবং হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সামনে রেখেই সারা দেশে রোববার হযবরল অবস্থায় বিতর্কিত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। নিয়োগ দেওয়া হয় প্রায় ৩০০,০০০ কর্মী।

রায়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ সাংবাদিকদের কাছে মুখ খুলেননি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়া বলেন, আদালত যদি এ রায় দিয়ে থাকে তাহলে সে অনুযায়িই ভোটার তালিকার কাজ চলবে।

তবে আইন শাখার প্রধান সলিমুল্লা খান ও আলতাফ হোসেন বলেছেন, নতুন ভোটার তালিকার কাজ যেভাবে চলছে তা চালিয়ে নেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অন্যদিকে বিদ্যমান ভোটার তালিকাকে ভিত্তি করে ভোটার তালিকা প্রণয়নের রায়কে স্বাগত জানিয়েছে দু’ নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও মুন্সেফ আলী।

তারা দু’জনই সিইসির নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্যমান তালিকাকে হালনাগাদ করতে বলেছিলেন।

মুন্সেফ আলী সাংবাদিকদের কাছে বলেন, আদালতের রায়ের প্রতি আমরা সম্পূর্ন শ্রদ্ধাশীল। আইনের জয় হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, এ রায়ের মাধ্যমে  আইন তার নিজস্ব অবস্থানকে মজবুত করেছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তবে এ রায় বাস্তবায়নে কোন পক্ষপাতিত্ব নয়, ন্যায় নিষ্ঠার ও সতর্কতার সঙ্গে সকলের দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনকে জণগণের স্বার্থ রক্ষায় সচেস্ট হতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর দফতরে রাখা সঙ্গত নয়। কারণ কমিশন স্বাধীন হলেও কর্মকর্তারা স্বাধীন নয়। তাদের স্বাধীন ভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে।

মোহাম্মদ আলী বলেন, বর্তমানে নির্বাচন কমিশন যেভাবে আছে সেভাবে থাকলে রাজনৈতিক দলীয় প্রভাব বিস্তারের সুযোগ থাকবে।