২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোর্টের রায়ে শ্রদ্ধাশীল হয়ে ব্যবস্থা নিন : সরকার ও ইসি’র প্রতি শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে হাই কোর্টের দেওয়া রায়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) উচিত হবে এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বুধবার পবিত্র হজব্রত পালনের জন্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

বিরোধী দলের হাইকোর্টে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে বুধবার ঘোষিত রায়কে ‘চমৎকার’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যদি হাইকোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা না নিয়ে জনগণকে আবারও বঞ্চিত করার চেষ্টা করে তবে দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ১৬৪ কোটি টাকা লুটেপুটে খেতেই সরকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নতুন ভোটার তালিকা তৈরির নামে প্রহসন করতে চেয়েছিল।

তিনি বলেন, আমি আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোটার তালিকা প্রস্তুত করাই আছে। এখন শুধু লোক দেখাতে ও মোটা অংকের টাকা হালাল করতে ভোটার তালিকা তৈরির নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকারের উদ্দেশ্য হচ্ছে, ওদের ভোটারই শুধু তালিকায় থাকবে। আর আওয়ামী লীগ, ১৪ দল, সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে তালিকা থেকে বাদ দিয়ে ওরাই শুধু ভোট দেবে। কিন্তু ভোটার হওয়াটা সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারে না।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নয়, কারচুপি ও ভোট জালিয়াতি করে ওরা ক্ষমতায় এসেছে। জনগণ ভোট দেবে না জেনেই বিএনপি জামাত জোট ভোট কারচুপির ষড়যন্ত্রে লিপ্ত।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের ভোটে তারা কখনই রাষ্ট্র ক্ষমতায় আসেনি। অন্যদিকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, সব ক’বারই জনগণের রায় নিয়ে।

জোট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসনে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে। আমি দোয়া করবো, মানুষ যেন এই জঙ্গি শাসনের হাত থেকে নাজাত পায়। বর্তমান দুঃসহ অবস্থার অবসান ঘটে।