জঙ্গিবাদের স্রষ্টা জোটকে উৎখাত করে জনতার আদালতে বিচার করা হবে: ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দল নেতৃবৃন্দ আবারও বিএনপি জামাত জোটের পদত্যাগ দাবি করে বলেছেন, বোমা ও গ্রেনেড হামলার মদদদানকারী ও জঙ্গিবাদের স্রষ্টা এই সরকার বোমাবাজ সন্ত্রাসী খুনিদের বিচার করবে না।
তাই জোট দুঃশাসনের বিরুদ্ধে ২৩ দফার ভিত্তিতে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তাকে গণআন্দোলনে পরিণত করে গণঅভ্যুত্থান ঘটিয়ে তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। জনতার আদালতে তাদের বিচার করা হবে।
বৃহস্পতিবার বিকেলে নগরীতে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।
বোমা গ্রেনেড হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, সরকারের মদদে উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র মৌলবাদি জঙ্গি অপশক্তি দেশের আইন, শাসন, বিচার ও সংবিধান মানে না। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী উল্টো বিরোধী দলের ওপর দায় চাপিয়ে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে মামলার হুমকি দিচ্ছেন।
ভোটার তালিকা বিষয়ে হাইকোর্টে দেওয়া রায়কে প্রথম বিজয় উল্লেখ করে ১৪ দল নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে জনগণের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।
পল্টন ময়দানে ২৩ জানুয়ারির সমাবেশ এবং ৫ ফেব্র“য়ারি ঢাকা অভিমুখে লংমার্চ সফল করার জন্যে দেশবাসীর প্রতি তারা আহ্বান জানান ।
ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, জাসদের কার্যকরি সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ন্যাপ’র সাধারণ সম্পাদক এনামুল হক ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
