নতুন ভোটার তালিকার কাজ অব্যহত, হাইকোর্টের রায় এখনো নির্বাচন কমিশনে পৌঁছেনি
নতুন ভোটার তালিকার কাজ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। কমিশনের সচিব সম জাকারিয়া বিডিনিউজকে বলেন, কোর্টের রায়ের কোনও কপি আমাদের কাছে এখনো পোঁছেনি। তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কাজ ব্ন্ধ করার কোন নির্দেশ এখনো নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি।
এদিকে দুই নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও মুন্সেফ আলী বিডিনিউজকে জানান, শিগগিরই তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজকে এ রায় মেনে নিয়ে নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়নের জন্য আলোচনায় বসার আহবান জানাবেন।
হাইকোর্টের রায়ে বুধবার জাননো হয়, ২০০০ সালে প্রণীত তালিকার ওপর ভিত্তি করে এবারের ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।
মোহাম্মদ আলী বলেন, সংবিধানের আলোকে হাইকোর্টের এ রায় হয়েছে। এ রায় অনুযায়ী ২০০০ সালে প্রণীত তালিকাকে বাদ দিযে ভোটার তালিকা করা যাবে না। এ রায়ের আলোকেই নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনার বাইরেও কমিশন আলোচনা করে কোন সিদ্ধান্ত নিতে পারে। সংবিধানে রয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।
জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সিইসি যদি আমাদের আলোচনায় নাও ডাকেন আমরা নিজেরা তার সাথে আলোচনায় বসার চেষ্টা করবো।
আইন শাখার প্রধান সলিমুল্লা খান বিডিনিউজকে বলেন, নতুন ভোটার তালিকার কাজ যেভাবে চলছে সেভাবেই চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ রায় ভোটার তালিকা রিভাইজিং না হালনাগাদ করার জন্যে তা এখনো পরিস্কার নয়। এ ব্যাপারে দ্বিধা রয়েছে।
তিনি আরো বলেন, রায়ের মূল কপি এখনো আমরা হাতে পাইনি তাই আমরাও অপেক্ষা করছি। এ রায় অনুধাবন করার প্রয়োজন রয়েছে।
সলিমুল্লা খান বলেন, ভোটার তালিকা একটি চলমান প্রক্রিয়া, নতুন তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ২০০০ সালের ভোটার তালিকাই কার্যকর থাকবে।
বিরোধী দলের বাধা এবং হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সামনে রেখেই সারা দেশে রোববার হযবরল অবস্থায় বিতর্কিত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। নিয়োগ দেওয়া হয় প্রায় ৩০০,০০০ কর্মী। চার দিন টানা তালিকা প্রণয়নের কাজ চলার পর হাইকোর্টের রায় আসে।
এদিকে, হাইকোর্টের রায়ের দ্বিতীয় দিনেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ সাংবাদিকদের কাছে মুখ খুলেননি।
