২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিস্ট পার্টির ১৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট

জাতীয় পার্টির (এরশাদ) দায়ের করা হত্যা প্রচেষ্টা মামলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ ১৬ নেতাকর্মীকে বৃহস্পতিবার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সিপিবি নেতাকর্মীদের দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে রাব্বি সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আগাম জামিনের আদেশ দেন। এছাড়াও কেন আসামিদের নিয়মিত জামিন দেয়া হবে না সে ব্যাপারে সরকারকে কারণ দর্শানোর আদেশ জারি করেন।

আগাম জামিনের এ আদেশ পুলিশি প্রতিবেদন বা চার্জশিট না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও আদালতের আদেশে বলা হয়েছে।

শুনানি চলাকালে সিপিবি’র অভিযুক্ত নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম ভূঁইয়া ২ জানুয়ারি সিপিবির নেতাকর্মীদের অভিযুক্ত করে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তিনি অভিযোগ করেন, ১ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও ভাইস চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে হত্যার উদ্দেশ্যে সিপিবি নেতাকর্মীরা সুপরিকল্পিতভাবে হামলা চালায়।

১ জানুয়ারি পল্টনে সিপিবির মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা লাঠিসোটা নিয়ে সিপিবি’র নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়। এ ঘটনায় সিপিবিও জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

জামিন আবেদনকারীদের পক্ষে অ্যাড. কেএম হাফিজুল আলম হাফিজের সহযোগিতায় মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ।