২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার অগ্রগতির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চেয়ে বার কাউন্সিলের সম্পুরক পিটিশন দাখিল

দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার তদন্তের অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশে হাইকোর্টের দিকনিদের্শনা চেয়ে বাংলাদেশ বার কাউন্সিল (বিবিসি) বৃহস্পতিবার হাইকোর্ট বরাবর একটি সম্পুরক পিটিশন দাখিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ঈদুল আযহার ছুটি শেষে হাইকোর্ট খোলার পর পিটিশনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

বার নেতৃবৃন্দ দেশজুড়ে বোমা হামলার ঘটনার ব্যাপারে সরকারের প্রকাশিত প্রতিবেদনকে সরকারের নির্লজ্জ মিথ্যা ও হাস্যকর বলে আখ্যায়িত করেন।

পিটিশনার ও বার কাউন্সিলের মানবাধিকার কমিটির চেয়ারম্যান আইনজীবী জেডআই খান পান্না জানান, সুপ্রিম কোর্টের আদেশ এড়িয়ে সরকার বোমা হামলার তদন্ত সংক্রান্ত দু’টি প্রতিবেদন প্রকাশ করেছে।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইনজীবী জেড আই খান বলেন, প্রকাশিত তদন্ত প্রতিবেদনে সরকার বোমা হামলাকারীদের নাম-ঠিকানা, হামলাকারীর সংখ্যা, উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানায়নি। জঙ্গি ও বোমা হামলাকারীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে সরকার যে আন্তরিক ছিল না প্রতিবেদন তা প্রমাণ করে।

তিনি বলেন, বোমা হামলাকারী ও সরকারের মধ্যে থাকা তাদের পৃষ্ঠপোষকদের রক্ষা করতে সরকার এ ধরনের ভুয়া প্রতিবেদন তৈরি করেছে।

এসসিবিএ সাধারণ সম্পাদক আইনজীবী এম ইনায়েতুর রহিম বলেন, ১৭ আগষ্ট দেশের বিভিন্ন স্থানে ৫০৪টি বোমা হামলার ঘটনা ঘটলেও হামলার ঘটনায় সরকার মাত্র ১৫৪টি মামলা দায়ের করেছে।

এনায়েতুর রহিম বলেন, ২০০টিরও বেশি মামলায় অভিযুক্তদের রক্ষা করতে সরকার চেষ্টা করছে। কোন আইনগত ভিত্তি ছাড়াই পুলিশ হেফাজতে থাকা আটককৃত বোমা হামলাকারীদের বিবৃতি গণমাধ্যমে সরকার প্রদান করাচ্ছে।

বার কাউন্সিলের অর্থ বিষয়ক কমিটির চেয়ারপারসন আইনজীবী সাহারা খাতুন বলেন, বোমা হামলাকারীদের রক্ষা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ এড়িয়ে সরকার ভুয়া প্রতিবেদন তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে এসসিবিএ’র সহকারী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশজুড়ে সম্প্রতি বোমা হামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন পেশ করতে সুপ্রিম কোর্ট ২০০৫ সালের ৪ ডিসেম্বর সরকারের প্রতি এক আদেশ জারি  করে।

সরকারের একটি অংশ জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে ক্ষমতাসীন সরকারের কয়েকজন সংসদ সদস্যের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পরিচালনা করে তার অগ্রগতি পেশ করতে এর আগে হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

১৭ আগষ্টের বোমা হামলার ঘটনার পর দেশের আদালত ও বিচার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার ঘটনার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে জেডআই খান পান্না রিট পিটিশনটি দাখিল করেন।