অবৈধ ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ, অনিবন্ধিত ও ভুয়া ডায়াগনস্টিক সেন্টারগগুলো বন্ধে এবং ওষুধের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
জাতীয় জাদুঘর প্রাঙ্গণে শুক্রবার এক নাগরিক সমাবেশে সংগঠনগুলো এ দাবি জানায়। সমাবেশে সভাপতিত্ব করেন ডিএইচই’র সভাপতি অধ্যাপক ড. রশিদ-ই মাহবুব। নাগরিক সংহতি (এনএস), ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডিএইচই) এবং চিকিৎসক সংসদ (সিএস) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তরা বলেন, যারা সেবাখাতের স্বাধীনতার সুযোগ নিয়ে এ ধরনের ব্যবসার মাধ্যমে মানুষের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে তাদের ক্ষমা করা যায় না।
ড. রশিদ-ই মাহবুব বলেন, দেশের শীর্ষস্থানীয় প্রায় ২৫ টি কোম্পানি অত্যন্ত প্রয়োজনীয় ৩৫ টি ওষুধের দাম কোনও ঘোষণা ছাড়াই ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ওষুধের এই মূল্যবৃদ্ধি এক ধরনের ডাকাতি। অসুস্থ মানুষকে জিম্মি করে ডাকাতি।
সমাবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ঘোষণা অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিয়মিত করার ব্যাপারেও দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে নাগরিক সংহতির সভাপতি ড. এএসএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ডিএইচই’র সাধারণ সম্পাদক ড. শাকিল আখতার, চিকিৎসক সংসদের সভাপতি ড. মোস্তাক হোসেন, রুহিন হোসেন প্রিন্স, অ্যাড. তবারক হোসেন, বীণা সিকদার এবং রুহুল কদ্দুস বাবু বক্তব্য রাখেন।
